
মস্ত মিয়া,বিশেষ প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া:
ব্রাহ্মণবাড়িয়ায় ওয়ারেন্ট তামিল ও আসামি গ্রেপ্তারে বিশেষ সাফল্যের স্বীকৃতি পেয়েছেন বিজয়নগর থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ মাহবুবুল আলম। জুলাই ২০২৬ মাসে জেলায় সর্বাধিক ওয়ারেন্ট তামিল করায় তাকে শ্রেষ্ঠ ওয়ারেন্ট-তামিলকারী এসআই হিসেবে পুরস্কৃত করা হয়েছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের আয়োজনে অনুষ্ঠিত জুলাই ২০২৬ মাসের বিশেষ কল্যাণ সভা ও মাসিক অপরাধ পর্যালোচনা সভায় তাকে এ সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম এবং ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার শাহ মোঃ আব্দুর রউফ উপস্থিত ছিলেন।
পুলিশের পক্ষ থেকে দেওয়া কৃতিত্বের সনদে উল্লেখ করা হয়, এসআই (নিরস্ত্র) মোঃ মাহবুবুল আলম (বিপি-৮২০২০৯৬৩২৭), বিজয়নগর থানা, ব্রাহ্মণবাড়িয়াকে জুলাই ২০২৬ মাসে জেলায় সর্বাধিক ওয়ারেন্ট তামিল করায় শ্রেষ্ঠ ওয়ারেন্ট-তামিলকারী এসআই হিসেবে ঘোষণা করা হয়েছে।
ওয়ারেন্ট তামিল, বিভিন্ন মামলার আসামি গ্রেপ্তার এবং দায়িত্ব পালনে দক্ষতা, নিষ্ঠা ও কার্যকর ভূমিকার স্বীকৃতি হিসেবে তাকে এ পুরস্কার দেওয়া হয়।
পুরস্কার পাওয়ার প্রতিক্রিয়ায় এসআই মোঃ মাহবুবুল আলম বলেন, “এ অর্জন আমার একার নয়। বিজয়নগর থানার অফিসার ইনচার্জ, পুলিশ পরিদর্শক (তদন্ত)সহ থানার অন্যান্য কর্মকর্তা ও সদস্যদের আন্তরিক সহযোগিতা এবং সম্মিলিত প্রচেষ্টার ফলেই এ স্বীকৃতি অর্জন সম্ভব হয়েছে।
তিনি বিজয়নগর থানার ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সকল সহকর্মীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি ভবিষ্যতেও আরও দায়িত্বশীলতা, পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন এবং আইনশৃঙ্খলা রক্ষায় কার্যকর ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
এদিকে জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট-তামিলকারী এসআই হিসেবে মোঃ মাহবুবুল আলমের পুরস্কারপ্রাপ্তিতে বিজয়নগর থানা পুলিশের কর্মকর্তা ও সদস্যদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।
সংশ্লিষ্টরা মনে করছেন, দায়িত্ব পালনে এ ধরনের স্বীকৃতি পুলিশ সদস্যদের আরও কর্মতৎপর ও উৎসাহী করবে। একই সঙ্গে ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেপ্তার, মামলার কার্যক্রমে গতি আনা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এর ইতিবাচক প্রভাব পড়বে।


