
এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টার:
স্থানীয় ক্রীড়াঙ্গনে উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে পিড়াপাট প্রিমিয়ার লিগ (পিপিএল) সিজন-০২ এর ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। পিড়াপাট ফ্রেন্ডস ক্লাবের উদ্যোগে আয়োজিত এ টুর্নামেন্টের ফাইনাল খেলা শনিবার (৩০ মে ২০২৬) বিকেলে অনুষ্ঠিত হয়। স্থানীয় ক্রীড়াপ্রেমীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও উচ্ছ্বাসে দিনব্যাপী আয়োজনটি প্রাণবন্ত হয়ে ওঠে।
খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও রানারআপ দলের খেলোয়াড়দের মাঝে ট্রফি ও পুরস্কার বিতরণ করেন নিমগাছী ইউনিয়ন বিএনপির সভাপতি এবং সোনাহাটা ডিগ্রি কলেজের গভর্নিং বডির সভাপতি ফজল-এ-খুদা তুহিন।
পিড়াপাট গ্রামের বিশিষ্ট সমাজসেবক আমিনুর হক মণ্ডল-এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নিমগাছী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম এবং বগুড়া জেলা ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ও ধুনট উপজেলা ছাত্রদলের ১ নম্বর যুগ্ম আহ্বায়ক জিন্নাহুর রহমান রাকিব।
এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আব্দুল কাদের, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম বিফলু, ছাত্রবিষয়ক সম্পাদক আব্দুল ওয়াদুদ সরকার, ধুনট উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আল আমিন সরকার, ইউনিয়ন বিএনপি নেতা সাদ্দাম হোসেন, ইউনিয়ন কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি মগলু প্রামাণিক, ইউনিয়ন যুবদল নেতা রাজু আহমেদ, ছাত্রদল নেতা আজিজুল ইসলাম ও আরমান হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় পিড়াপাট কিংস ও প্রবাস স্ট্রাইকার্স। টসে জিতে প্রথমে ব্যাট করে পিড়াপাট কিংস নির্ধারিত ওভারে ১৮০ রান সংগ্রহ করে। জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে প্রবাস স্ট্রাইকার্স ১৬১ রানে অলআউট হয়। ফলে ১৯ রানের জয় নিয়ে টুর্নামেন্টের শিরোপা নিজেদের করে নেয় পিড়াপাট কিংস।
টুর্নামেন্টে আব্দুল হাকিম ‘ম্যান অব দ্য টুর্নামেন্ট’ এবং ফাইনাল ম্যাচে শিহাব উদ্দিন ‘ম্যান অব দ্য ম্যাচ’ নির্বাচিত হন।
খেলা শেষে বিজয়ী ও রানারআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি, মেডেল ও অন্যান্য পুরস্কার তুলে দেওয়া হয়। আয়োজকরা জানান, গ্রামীণ ক্রীড়াচর্চার প্রসার, যুবসমাজকে মাদক ও অপরাধমুক্ত রাখা এবং পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি করাই এ ধরনের আয়োজনের মূল উদ্দেশ্য।


