
কখন, কীভাবে, কেন—জানি না।
শুধু জানি, খুব অল্প দিনের পরিচয়ে
তোমার প্রতি এক অদ্ভুত মায়া জন্ম নিয়েছে আমার।
কয়েকদিনের দেখা,
কিছু পথ একসাথে হাঁটা,
কিছু কথার আড়ালে লুকিয়ে থাকা হাসি।
কীভাবে যেন অজান্তেই
আমাকে তোমার কাছে বেঁধে ফেলেছে।
এখন দিন-রাত শুধু অপেক্ষা করি,
হয়তো একটা মেসেজ আসবে,
হয়তো হঠাৎ ফোনটা বেজে উঠবে,
কিন্তু ফোনটা নীরবই থাকে।
আমার পাঠানো মেসেজ পড়ে থাকে অনুত্তরিত,
আমার অপেক্ষার কোনো খবর
তোমার কাছে পৌঁছায় না।
তখন বুঝি,
কাউকে যত বেশি গুরুত্ব দেওয়া যায়,
কখনো কখনো তার কাছে
ততটাই অপ্রয়োজনীয় হয়ে যেতে হয়।
হয়তো ভালোবাসার প্রকাশও
কখনো কখনো দুর্বলতা হয়ে দাঁড়ায়।
তবু তোমাকে দোষ দিই না।
কারও হৃদয়ে জোর করে জায়গা করে নেওয়া যায় না।
ভালোবাসা চাওয়া যায়,
কিন্তু ভালোবাসতে বাধ্য করা যায় না।
শুধু নিজেকেই প্রশ্ন করি…
কেন এমন হলো?
কেন এত অল্প সময়ে
তুমি এতটা আপন হয়ে গেলে?
কেন তোমার একটি মেসেজের অপেক্ষা
আমার পুরো একটা দিনকে থামিয়ে দেয়?
তোমার অপেক্ষা থেকে বেরিয়ে আসতে চাই,
নীরব ফোনটার দিকে বারবার তাকানো বন্ধ করতে চাই।
তবে যদি কোনোদিন
হঠাৎ আমার কথা মনে পড়ে,
তাহলে এটুকু মনে রেখো—
কেউ একজন ছিল,
যে তোমাকে খুব অল্প সময়ে,
খুব নিঃশব্দে, খুব সত্যি করে ভালোবেসে ফেলেছিল।
*লেখক: নাম প্রকাশে অনিচ্ছুক*
সদর, যশোর।
আপনার সৃষ্টিশীলতার গল্প পৌঁছে দিন পাঠকের কাছে।
কবিতা, গল্প কিংবা যেকোনো লেখা রাতদিন নিউজে প্রকাশের জন্য যোগাযোগ করুন—📱 হোয়াটসঅ্যাপ: 01713086019


