
সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলার এজাহারভুক্ত পলাতক আসামি ও নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ নেতা সাজ্জাদ আকিবকে (২৮) গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (২০ নভেম্বর) ভোররাতে ফেনীর ছাগলনাইয়া উপজেলার গোপাল ইউনিয়নের লাঙ্গলমোড়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার সাজ্জাদ আকিব ওই গ্রামের জসীম উদ্দীনের ছেলে। তিনি নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের গোপাল ইউনিয়ন শাখার সদস্য।পুলিশ জানায়, এলাকায় বিভিন্ন অপতৎপরতায় জড়িত থাকার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু তাহের জানান, ২০১৭ সালের ২৮ অক্টোবর কক্সবাজারে রোহিঙ্গা শিবির পরিদর্শনে যাওয়ার পথে বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনা ঘটে। ওই ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি সাজ্জাদ আকিব। তাকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।


