PriyoKhobor-PNG
শনিবার, ১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১০:০৯
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

গাজীপুরে ১৮ শ্রমিকের বিরুদ্ধে মামলা, প্রত্যাহার ও পুনর্বহালের দাবি

দৈনিক গণআওয়াজ
আগস্ট ১৫, ২০২৬ ৯:১১ অপরাহ্ণ
| 12
Link Copied!

গাজীপুর প্রতিনিধি:

মোহাম্মদী গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান এম.জি. নীট ফ্লেয়ার লিমিটেডের ছাঁটাই করা শ্রমিকদের পুনর্বহাল ও তাদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে গাজীপুরে মানববন্ধন করেছেন শ্রমিকরা। একই সঙ্গে কাজে পুনর্বহাল করা না হলে আইন অনুযায়ী সব পাওনা পরিশোধের দাবি জানান তারা।

শনিবার (১৫ আগস্ট) বিকেল ৫টার দিকে গাজীপুর সদর উপজেলার ভবানীপুর এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে শ্রমিকরা বিক্ষোভ মিছিল করেন।

মানববন্ধনে শ্রমিকরা অভিযোগ করেন, তাদের সহকর্মী শেফালী নামে এক নারী শ্রমিক অসুস্থ অবস্থায় একদিন সকালে কারখানায় এসে ছুটির আবেদন করেন। তবে চাকরি থাকবে না—এমন কথা বলে তাকে তাৎক্ষণিক ছুটি দেওয়া হয়নি। পরে বিকেল ৫টার দিকে তাকে ছুটি দেওয়া হয়। বাড়ি ফেরার পর গুরুতর অসুস্থ অবস্থায় ওই নারী শ্রমিক রাতে মারা যান বলে দাবি করেন তারা।

শ্রমিকদের দাবি, এ ঘটনায় কারখানা কর্তৃপক্ষের অবহেলার প্রতিবাদে পরদিন তারা কাজ বন্ধ করে বিক্ষোভ করেন। পরে ১৮ শ্রমিককে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার পাশাপাশি সাময়িক বরখাস্ত করা হয়। পরবর্তীতে তাদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে মামলা দায়ের করে কারখানা কর্তৃপক্ষ।

শ্রমিকদের অভিযোগ, এসব মামলা মিথ্যা ও হয়রানিমূলক। তারা অবিলম্বে মামলা প্রত্যাহার এবং ছাঁটাই করা শ্রমিকদের কাজে পুনর্বহালের দাবি জানান।

এ ছাড়া ছয়জন শ্রমিককে কোনো ধরনের নোটিশ ছাড়াই কারখানা থেকে বের করে দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তারা। পরে কাজে ফিরিয়ে নেওয়ার আশ্বাস দেওয়া হলেও পরবর্তীতে ফোনে যোগাযোগ করে কোনো সাড়া পাওয়া যায়নি বলে জানান শ্রমিকরা।

বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের গাজীপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক জালাল হাওলাদার বলেন, শ্রমিকরা শুধু জানতে চেয়েছিল, অসুস্থ সহকর্মীকে কেন সময়মতো ছুটি দেওয়া হয়নি। এ ঘটনাকে কেন্দ্র করে শ্রমিকদের বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

বাংলাদেশ পোশাক শ্রমিক ট্রেড ইউনিয়ন ফেডারেশনের গাজীপুর জেলা সভাপতি রাসেল মন্ডল বলেন, নারী শ্রমিকটি সকালে ছুটি পেলে দ্রুত চিকিৎসা নেওয়ার সুযোগ পেতেন। শ্রমিকদের দাবি দ্রুত সমাধান না হলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে বলেও জানান তিনি।

মানববন্ধনে শ্রমিক নেতারা বলেন, একটি মহল পরিকল্পিতভাবে শ্রমিকদের সঙ্গে বিরোধ সৃষ্টি করে দেশের তৈরি পোশাকশিল্পকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। দ্রুত আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান, মামলা প্রত্যাহার ও ছাঁটাই শ্রমিকদের পুনর্বহালের দাবি জানান তারা। অন্যথায় বৃহত্তর আন্দোলনের মাধ্যমে দাবি আদায়ের ঘোষণা দেন।

এ সময় বাংলাদেশ গার্মেন্টস, টেক্সটাইল, লেদার ওয়ার্কার্স ফেডারেশনের গাজীপুর জেলা কমিটির সহসভাপতি তাওহীদ মিয়াসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মী এবং নারী-পুরুষ শ্রমিকরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে কারখানা কর্তৃপক্ষের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

আরও পড়ুনঃ  বিশ্বশান্তির প্রার্থনায় মুখর গহেরপুর দাসপাড়া
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST