
কামাল খান
সিলেটের গোলাপগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতের ঘটনায় দায়ের করা মামলায় উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হোসেন আহমেদকে (৪২) গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১৫ আগস্ট) রাত দেড়টার দিকে উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের হেতিমগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
হোসেন আহমেদ গোলাপগঞ্জ উপজেলার হেতিমগঞ্জ এলাকার মৃত লেচু মিয়া ও মৃত আয়রুন বেগমের ছেলে। তিনি গোলাপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, গোলাপগঞ্জ মডেল থানায় ২০২৪ সালের ১৪ সেপ্টেম্বর দায়ের করা মামলা নম্বর ১১, জিআর-১৫৫/২৪ মামলায় হোসেন আহমেদকে এজাহারনামীয় আসামি করা হয়েছে। মামলায় দণ্ডবিধির ১৪৩, ১৪৭, ১৪৮, ১৪৯, ৩২৫, ৩২৬, ৩০৭ ও ৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে।
গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছবেদ আলী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।
এদিকে, আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের হওয়া রাজনৈতিক মামলায় ধারাবাহিক গ্রেপ্তার নিয়ে স্থানীয় পর্যায়ে নানা আলোচনা রয়েছে। পরিবারের সদস্য ও সমর্থকদের অনেকের অভিযোগ, অনেক নেতাকর্মী দীর্ঘদিনের রাজনৈতিক পরিচয়ের কারণে মামলার আসামি হচ্ছেন এবং গ্রেপ্তার ও হয়রানির শিকার হচ্ছেন।


