বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ায় মাদকবিরোধী অভিযান আরও জোরদার এবং মাঠপর্যায়ে তদারকি কার্যক্রম গতিশীল করতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে (ডিএনসি) দুটি মোটরসাইকেল উপহার দিয়েছে বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। এ উদ্যোগের ফলে মাদকবিরোধী অভিযান পরিচালনা, দ্রুত ঘটনাস্থলে পৌঁছানো এবং নিয়মিত নজরদারি কার্যক্রমে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সক্ষমতা বাড়বে বলে আশা প্রকাশ করেছেন আয়োজকরা।বুধবার (২১ অক্টোবর) দুপুরে বগুড়া চেম্বার ভবনের সম্মেলনকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মোটরসাইকেল দুটির চাবি হস্তান্তর করেন সংসদ সদস্য ও গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. রেজাউল করিম বাদশা।বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আতিকুর রহমান বাদলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়ার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. তৌফিকুর রহমান এবং চেম্বারের সহসভাপতি ও শহর বিএনপির সভাপতি অ্যাডভোকেট হামিদুল হক চৌধুরী হিরু।অনুষ্ঠানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বগুড়ার উপপরিচালক মোহা. জিল্লুর রহমানের হাতে মোটরসাইকেল দুটির চাবি তুলে দেওয়া হয়।অনুষ্ঠানে বক্তারা বলেন, মাদক একটি সামাজিক ব্যাধি, যা ব্যক্তি, পরিবার ও সমাজের ওপর সুদূরপ্রসারী নেতিবাচক প্রভাব ফেলে। মাদকের অপব্যবহার ও বিস্তার রোধে শুধু আইন প্রয়োগের মাধ্যমে কাঙ্ক্ষিত সাফল্য অর্জন সম্ভব নয়; এ জন্য প্রশাসন, ব্যবসায়ী সমাজ, জনপ্রতিনিধি, শিক্ষাপ্রতিষ্ঠান এবং সচেতন নাগরিকদের সম্মিলিতভাবে কাজ করতে হবে।
তাঁরা আরও বলেন, বিশেষ করে তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহ পরিণতি থেকে রক্ষা করতে জনসচেতনতা বাড়ানো, সামাজিক প্রতিরোধ গড়ে তোলা এবং মাদকবিরোধী কার্যক্রমে বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় জোরদার করা অত্যন্ত জরুরি। এ ক্ষেত্রে বেসরকারি ও ব্যবসায়ী সংগঠনগুলোর সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
বক্তারা আশা প্রকাশ করেন, চেম্বারের দেওয়া মোটরসাইকেল দুটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের মাঠপর্যায়ে যাতায়াত সহজ করবে। একই সঙ্গে মাদকবিরোধী অভিযান পরিচালনা, সন্দেহজনক কার্যক্রমের ওপর নজরদারি এবং প্রয়োজনীয় প্রশাসনিক তৎপরতা দ্রুত বাস্তবায়নে যানবাহন দুটি কার্যকর সহায়ক হিসেবে ভূমিকা রাখবে।তাঁরা মাদকমুক্ত বগুড়া গড়ে তুলতে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠান ও সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন।অনুষ্ঠানে বগুড়ার স্থানীয় ব্যবসায়ী নেতারা, বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালনা পর্ষদের সদস্য এবং প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।