
এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
বগুড়ার শাজাহানপুর উপজেলায় মাদকবিরোধী অভিযানে টাপেন্টাডল ট্যাবলেট সেবনের সরঞ্জামসহ এক ব্যক্তিকে আটক করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে পাঁচ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই ২০২৬) দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত জেলার শাজাহানপুর উপজেলার ভান্ডার পাইকা গ্রামে এ অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), বগুড়ার ‘ক’ সার্কেলের একটি আভিযানিক দল।
অভিযানে নেতৃত্ব দেন শাজাহানপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস উর্মি। অভিযানে ভান্ডার পাইকা গ্রামের মৃত শহিদুল ইসলাম মণ্ডলের ছেলে মো. আফসান জামিল (২৮)কে টাপেন্টাডল ট্যাবলেট সেবনের সরঞ্জামসহ আটক করা হয়।
পরে ভ্রাম্যমান আদালত তাকে পাঁচ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন। আদালতের নির্দেশনা অনুযায়ী উদ্ধার হওয়া আলামত ঘটনাস্থলেই ধ্বংস করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, মাদকের অপব্যবহার ও অবৈধ সেবন রোধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে। মাদকমুক্ত সমাজ গঠনে আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার পাশাপাশি সর্বস্তরের জনগণের সচেতন অংশগ্রহণ প্রয়োজন বলেও সংশ্লিষ্টরা মনে করছেন।


