PriyoKhobor-PNG
রবিবার, ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৪:০২
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

স্বাধীন সাংবাদিকতা হুমকির মুখে

দৈনিক গণআওয়াজ
জুন ২১, ২০২৬ ৯:২৮ পূর্বাহ্ণ
| 41
Link Copied!

প্রকাশিত সংবাদের জের ধরিয়া দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের ভারপ্রাপ্ত সম্পাদক রেজানূর ইসলামকে গ্রেপ্তারের ঘটনাটি যথেষ্ট উদ্বেগজনক। সমকালসহ বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুসারে, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম সম্পর্কে মানহানিকর তথ্য প্রচারের অভিযোগে সম্প্রতি বগুড়ার শিবগঞ্জে উক্ত দৈনিকের সম্পাদকসহ চার সাংবাদিকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। ওই মামলায় রেজানূর ইসলামকে বৃহস্পতিবার রাত্রে গাজীপুরের নিজ বাড়ি হইতে গ্রেপ্তার করিয়া আদালতের মাধ্যমে বগুড়া কারাগারে প্রেরণ করা হইয়াছে। স্বাধীন সাংবাদিকতার প্রতি গুরুতর হুমকিমূলক এই ঘটনা লইয়া শনিবার এক বিবৃতিতে সম্পাদক পরিষদ যথার্থই বলিয়াছে যে, সংবাদপত্র ও সংবাদকর্মীদের স্বাধীনতায় এই ঘটনার নেতিবাচক প্রভাব পড়িবার আশঙ্কা রহিয়াছে।

অস্বীকার করা যাইবে না, যে খবর লইয়া মামলাটি হইয়াছে উহার সহিত স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর মতো ক্ষমতাবান ব্যক্তি যুক্ত না থাকিলে পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তারে এতটা তৎপর হইত না, সম্ভবত মামলাটিও হইত না। ইহাও স্বীকার্য, মামলাটি দায়েরে প্রতিমন্ত্রীর প্রত্যক্ষ কোনো ভূমিকা নাই। প্রতিবেদন মতে, আদালতে মামলাটি করিয়াছেন বগুড়া প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ ও স্থানীয় দৈনিক মহাস্থান পত্রিকার সম্পাদক। ইহাও সত্য, মামলাটি বাদী নিজেকে বিএনপির কর্মী হিসেবে পরিচয় দেন। প্রতিমন্ত্রীর সহিত তাহার ঘনিষ্ঠতাও স্থানীয় পর্যায়ে আলোচিত। তদুপরি, ঐ সম্পাদক গত মে মাসে শিবগঞ্জ উপজেলার বুড়িগঞ্জ উচ্চ বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি হইয়াছেন। মোদ্দা কথা, যদিও প্রতিমন্ত্রী উক্ত গ্রেপ্তারের ঘটনায় দুঃখ প্রকাশ করিয়া বিবৃতি দিয়াছেন। সাংবাদিক নির্যাতনের এই ঘটনার দায় তিনি এড়াইতে পারেন না।

কোনো সংবাদ সম্পর্কে কাহারও আপত্তি থাকিলে প্রচলিত আইনেই প্রতিকার লাভের ব্যবস্থা রহিয়াছে। প্রথমত, ভুক্তভোগীর প্রতিবাদলিপি যথাযথ গুরুত্ব দিয়া প্রকাশ করিতে সংশ্লিষ্ট পত্রিকা বাধ্য। দ্বিতীয়ত, তাহাতে সন্তোষজনক প্রতিকার না মিলিলে ভুক্তভোগী প্রেস কাউন্সিলের দ্বারস্থ হইতে পারেন। নিঃসন্দেহে, ফৌজদারি দণ্ডবিধিসহ অন্য বেশ কিছু আইনে ‘উদ্দেশ্যমূলক’ সাংবাদিকতার বিরুদ্ধে মামলা দায়ের করা বেআইনি কিছু নহে; কিন্তু যে কোনো সভ্য ও গণতান্ত্রিক দেশে ইহার আশ্রয় তখনই নেওয়া হয় যখন অন্য সকল উপায় ভুক্তভোগীর জন্য ন্যায়বিচার নিশ্চিত করিতে ব্যর্থ হয়। আলোচ্য ঘটনায় এহেন গণতান্ত্রিক রীতিনীতির ব্যত্যয় ঘটিয়াছে। বিষয়টা গুরুত্বপূর্ণ এই কারণে যে, গণতন্ত্রের ভিত মজবুত করিবার ক্ষেত্রে রাষ্ট্রীয় অন্য সকল প্রতিষ্ঠানের ন্যায় সংবাদমাধ্যমও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করিয়া থাকে।

আমরা জানি, সংসদ বা বিচার বিভাগ রাষ্ট্রের নির্বাহী বিভাগের জবাবদিহি নিশ্চিত করে, জনস্বার্থসংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানের উপর নজরদারি করে সংবাদমাধ্যম। এই কারণেই অন্য দশটা গণতান্ত্রিক সংবিধানের মতো বাংলাদেশেরও সংবিধানে মতপ্রকাশের অধিকারের সহিত সংবাদমাধ্যমের স্বাধীনতাও নিশ্চিত করা হইয়াছে, যদিও উক্ত সংবিধান কার্যকর হইবার পর দেশে যত সরকার আসিয়াছে, দুর্ভাগ্যবশত, উহাদের সকলেই সংবিধানের উক্ত ধারাটিকে পদদলিত করিয়াছেন; সুযোগ পাইলেই তাহারা সংবাদমাধ্যমের উপর খড়গ নামাইয়া আনিয়াছেন।

সাংবাদিক নিপীড়নের ঘটনাটি এমন সময়ে ঘটিল যখন দেশ গত ফেব্রুয়ারিতে সংসদ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের পথে পুনরায় যাত্রা করিয়াছে। বর্তমান সরকারপ্রধান ইতোমধ্যে একাধিকবার স্বাধীন সাংবাদিকতার পক্ষে তাহাদের অবস্থান ব্যক্ত করিয়াছেন। কিন্তু, দুঃখজনক হইল, মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের এক প্রতিবেদন বলিতেছে, জানুয়ারি হইতে মে পর্যন্ত দেশে অন্তত ১৮১টি ঘটনা ঘটিয়াছে, যেইখানে সাংবাদিকদের বিরুদ্ধে হত্যার হুমকিসহ নানা নিপীড়নমূলক আচরণ করা হইয়াছে। এই সকল হুমকি ও নিপীড়নের অধিকাংশ ঘটনার সহিত পুলিশ ও সরকারদলীয় নেতাকর্মীর জড়িত থাকার অভিযোগ রহিয়াছে।

প্রতিবেদন মতে, উপরে বর্ণিত বিবৃতিতে প্রতিমন্ত্রী গ্রেপ্তার হওয়া সাংবাদিকের দ্রুত মুক্তি কামনা করিয়াছেন। আমরা মনে করি, অবিলম্বে ইহা বাস্তবায়নের কার্যকর পদক্ষেপ গৃহীত হইবে। আমরা ইহাও প্রত্যাশা করি, সরকার ক্ষমতার দম্ভ প্রদর্শনে প্রশাসন ও স্বীয় দলীয় লোকদের যদ্রূপ বারিত করিবে তদ্রূপ স্বাধীন সাংবাদিকতা নিশ্চিতকরণে আন্তরিক হইবে।

আরও পড়ুনঃ  শ্রমিক মারধর: চট্টগ্রাম-কক্সবাজার রুটে বাস চলাচল বন্ধ
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST