
এনএইচডিএফ কলারোয়া উপজেলা শাখার নতুন কমিটি গঠন
সভাপতি ফারুকী, সাধারণ সম্পাদক হাবিব, সাংগঠনিক সম্পাদক মোশাররফ
সাতক্ষীরার কলারোয়ায় হোমিওপ্যাথি চিকিৎসকদের পেশাগত উন্নয়ন, ঐক্য ও সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে ন্যাশনাল হোমিওপ্যাথিক ডক্টরস ফোরাম (এনএইচডিএফ) কলারোয়া উপজেলা শাখার সাধারণ সভা ও নতুন কমিটি গঠন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১১ জুন) কলারোয়া সিটি মেডিকেল সেন্টারের হলরুমে অনুষ্ঠিত এ সভায় উপজেলার বিভিন্ন এলাকার হোমিওপ্যাথি চিকিৎসক, শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
সংগঠনটির সাতক্ষীরা জেলা সভাপতি অধ্যক্ষ ডা. আব্দুল বারিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনএইচডিএফ কলারোয়া উপজেলা শাখার প্রধান উপদেষ্টা ও জয়নগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা মুহাম্মদ কামারুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ডা. হাফিজুর রহমান, ডা. সিরাজুল হক খাঁন, অধ্যক্ষ আশফাকুর রহমান বিপু, কলারোয়া সিটি মেডিকেল সেন্টারের চেয়ারম্যান ডা. খালিদ সাইফুল্লাহ এবং মো. আনোয়ারুল ইসলামসহ অন্যান্য অতিথিবৃন্দ।
সভায় বক্তারা বলেন, দেশের প্রাচীন ও জনপ্রিয় চিকিৎসা পদ্ধতিগুলোর অন্যতম হোমিওপ্যাথি চিকিৎসাকে আরও আধুনিক, যুগোপযোগী ও জনবান্ধব করতে হলে চিকিৎসকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, গবেষণা কার্যক্রম সম্প্রসারণ এবং জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধির বিকল্প নেই। তারা হোমিওপ্যাথি চিকিৎসকদের ন্যায্য মর্যাদা প্রতিষ্ঠা, চিকিৎসা সেবার মানোন্নয়ন এবং সংগঠনের কার্যক্রমকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন।বক্তারা আরও বলেন, চিকিৎসকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, ভ্রাতৃত্ববোধ ও ঐক্যের মাধ্যমে সংগঠনকে একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তুলতে হবে। একই সঙ্গে নতুন প্রজন্মের হোমিওপ্যাথি চিকিৎসকদের প্রশিক্ষণ ও পেশাগত উন্নয়নে সমন্বিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানান তারা।
আলোচনা শেষে উপস্থিত সদস্যদের সর্বসম্মত মতামতের ভিত্তিতে ন্যাশনাল হোমিওপ্যাথিক ডক্টরস ফোরাম (এনএইচডিএফ) কলারোয়া উপজেলা শাখার ২৫ সদস্যবিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে কলারোয়া হোমিও হলের স্বত্বাধিকারী ও প্রভাষক ডাঃ মুহাম্মদ আসাদুজ্জামান ফারুকীকে সভাপতি এবং কলারোয়া হোমিওপ্যাথি মেডিকেল কলেজ হাসপাতালের প্রভাষক ডা. হাবিবুর রহমান হাবিবকে সাধারণ সম্পাদক (সেক্রেটারি) মনোনীত করা হয়।
কমিটির সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ডা. মো. আশিকুর রহমান, ডা. মো. আব্দুর রশিদ, ডা. মো. শফিয়ার রহমান ও ডা. মো. জিয়াউল ইসলাম যুক্তিবাদী। এছাড়া সহকারী সেক্রেটারি হিসেবে দায়িত্ব পেয়েছেন ডা. মো. আসাদুজ্জামান শাহীন ও ডা. মো. ওসমান গনি।নতুন কমিটির অন্যান্য পদাধিকারীদের মধ্যে রয়েছেন সাংগঠনিক সম্পাদক ডা. মো. মোশাররফ হোসেন, অর্থ সম্পাদক ডা. মাহমুদুল হক, অফিস সম্পাদক ডা. মিজানুর রহমান, প্রচার সম্পাদক ডা. আক্কাস আলী, প্রকাশনা সম্পাদক ডা. শফিকুর রহমান, সমাজকল্যাণ সম্পাদক ডা. মো. আব্দুর রহিম, মহিলা বিষয়ক সম্পাদিকা ডা. ফাতেমা খাতুন এবং শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ডা. মো. রেজাউল হক। এছাড়া কমিটিতে ৮ জন কার্যকরী সদস্য অন্তর্ভুক্ত করা হয়েছে।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে আন্তরিকতা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি কলারোয়ায় হোমিওপ্যাথি চিকিৎসার প্রসার, সেবার মানোন্নয়ন এবং চিকিৎসকদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় সকলের সহযোগিতা কামনা করেন তারা।


