
বগুড়ার শিবগঞ্জে মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে ‘মীর শাহে আলম ফাউন্ডেশন’। উপজেলার অন্তত ১,২০০ জন অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিনামূল্যে চক্ষু সেবা ও ছানি অপারেশনের ব্যবস্থা করা হয়েছে এই উদ্যোগের মাধ্যমে।
গাক চক্ষু হাসপাতালের সার্বিক সহযোগিতায় আয়োজিত এই বৃহৎ কর্মসূচি বাস্তবায়ন করছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম প্রতিষ্ঠিত মীর শাহে আলম ফাউন্ডেশন। স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার এই প্রয়াস ইতোমধ্যেই সাধারণ মানুষের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।
সোমবার (১৩ এপ্রিল) সকাল ১১টায় শিবগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এবং সকাল ১১টা ৩০ মিনিটে মোকামতলা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে পৃথক আয়োজনে এই কর্মসূচির উদ্বোধন করেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি।
উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, “বিএনপি একটি উদারপন্থী রাজনৈতিক দল। মানুষের সেবাই বিএনপির মূল লক্ষ্য। অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে পারাই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।”
তিনি আরও বলেন, নির্বাচনের আগে দেওয়া প্রতিটি ওয়াদা একে একে বাস্তবায়নে পদক্ষেপ নিচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান, গাক চক্ষু হাসপাতালের পরিচালক ডা. এইচ.এস.এম. রেজাউন্নবী মন্ডল, সিনিয়র পরিচালক ডা. মাহবুব আলম, মীর শাহে আলম ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মীর শাকরুল আলম সীমান্ত, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এস.এম. তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল ওহাব, পৌর বিএনপির সভাপতি বুলবুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল করিম এবং উপজেলা যুবদলের সভাপতি খালিদ হাসান আরমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।


