PriyoKhobor-PNG
শুক্রবার, ১০ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৮:০৫
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

উন্নয়নের বার্তা নিয়ে ২৭ এপ্রিল যশোরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আব্দুল্লাহ আল মামুন, যশোর
এপ্রিল ১২, ২০২৬ ১:২৭ পূর্বাহ্ণ
| 5
Link Copied!

উন্নয়নের বার্তা নিয়ে ২৭ এপ্রিল যশোরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান : উন্নয়ন প্রকল্প উদ্বোধন ঘিরে ব্যাপক প্রস্তুতি

আগামী ২৭ এপ্রিল প্রধানমন্ত্রী তারেক রহমান যশোর সফরে আসছেন। তাঁর এই সফরকে ঘিরে জেলায় ব্যাপক প্রস্তুতি শুরু হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, এই সফরের মধ্য দিয়ে যশোরের উন্নয়ন কার্যক্রমে নতুন গতি সঞ্চারিত হবে এবং দীর্ঘদিনের স্থবিরতা কাটবে।
শনিবার (১১ এপ্রিল) সফর সংশ্লিষ্ট বিভিন্ন উন্নয়ন প্রকল্প এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেন, প্রধানমন্ত্রীর এই সফর কেবল আনুষ্ঠানিকতা নয়; এটি যশোরের উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচন করবে।
জ্বালানি তেলের বৈশ্বিক অস্থিরতা প্রসঙ্গে প্রতিমন্ত্রী জানান, আন্তর্জাতিক বাজারের প্রভাব বাংলাদেশেও পড়েছে। তবে সরকার পরিস্থিতি মোকাবিলায় সক্রিয় রয়েছে এবং জনগণের ভোগান্তি কমাতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। বর্তমানে ইরি সেচ মৌসুম চলমান থাকায় কৃষকদের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ নিশ্চিত করা হচ্ছে। তিনি আরও জানান, জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন-কে জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে এবং বিষয়টি নিয়মিত তদারকি করা হচ্ছে।
সফরসূচি অনুযায়ী, ২৭ এপ্রিল প্রধানমন্ত্রী যশোর বিমানবন্দরে পৌঁছে সরাসরি ঐতিহাসিক উলাশী খাল (জিয়া খাল) পুনঃখনন প্রকল্পের উদ্বোধন করবেন। খালটি একসময় জিয়াউর রহমান-এর উদ্যোগে খনন করা হয়েছিল এবং স্থানীয় কৃষি ও পানি ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। পুনঃখননের মাধ্যমে জলাবদ্ধতা নিরসন এবং কৃষি উৎপাদন বৃদ্ধির সম্ভাবনা তৈরি হবে বলে আশা করা হচ্ছে। এরপর তিনি খালেদা জিয়া-এর উদ্যোগে প্রতিষ্ঠিত যশোর মেডিকেল কলেজের ৫০০ শয্যা বিশিষ্ট হাসপাতালের উদ্বোধন করবেন। হাসপাতালটি চালু হলে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের উন্নত চিকিৎসা সেবার সুযোগ বৃদ্ধি পাবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
সফরের অংশ হিসেবে সময় সাপেক্ষে প্রধানমন্ত্রী জনপরিদর্শন করবেন এবং একটি জনসভায় অংশ নিতে পারেন বলে জানা গেছে। এ কর্মসূচিতে সাধারণ মানুষের অংশগ্রহণের সুযোগ তৈরি হবে বলে ধারণা করা হচ্ছে।
প্রধানমন্ত্রীর সফর সফল করতে ইতোমধ্যে যশোর জেলা প্রশাসনের উদ্যোগে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা কালেক্টরেট সভাকক্ষে আয়োজিত ওই সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ)-এর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভায় নিরাপত্তা, ট্রাফিক ব্যবস্থাপনা, জনসমাগম নিয়ন্ত্রণ এবং অনুষ্ঠানস্থলের প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হয় এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।
এদিকে প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে যশোরজুড়ে সাধারণ মানুষ, ব্যবসায়ী মহল এবং রাজনৈতিক নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। স্থানীয়দের প্রত্যাশা, এই সফরের মাধ্যমে দীর্ঘদিনের উন্নয়ন বঞ্চনা কাটবে এবং জেলার অবকাঠামোগত উন্নয়ন নতুন গতি পাবে। বিশেষ করে ৫০০ শয্যার মেডিকেল কলেজ হাসপাতালটি পূর্ণাঙ্গভাবে চালু হলে স্থানীয় পর্যায়ে উন্নত চিকিৎসা নিশ্চিত হবে এবং ঢাকামুখী রোগীর চাপ কমবে বলে মনে করছেন সচেতন মহল।

আরও পড়ুনঃ  যশোর জেলা নবগঠিত ছাত্রদলের পক্ষথেকে প্রতিমন্ত্রী অমিতকে ফুলেল শুভেচ্ছা
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST