
ফুলবাড়িয়া উপজেলা প্রতিনিধি
ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার কাহালগাঁও বাজারে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ ও ব্যাপক ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
স্থানীয়দের অভিযোগ, একটি পক্ষ হঠাৎ করেই কাহালগাঁও বাজারে হামলা চালায়। এ সময় কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়, যা বাজারজুড়ে আতঙ্ক সৃষ্টি করে। হামলাকারীরা দেশীয় অস্ত্র নিয়ে প্রকাশ্যে মহড়া দেয় এবং বাজারের বিভিন্ন দোকানপাটে ভাঙচুর চালায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, হামলার সময় বাজারে দাঁড়িয়ে থাকা একটি প্রাইভেটকার ও একাধিক মোটরসাইকেল ভাঙচুর করা হয়। এছাড়া হামলাকারীরা চলে যাওয়ার সময় অন্তত ৬টি মোটরসাইকেল লুট করে নিয়ে যায় বলে অভিযোগ উঠেছে।
সংঘর্ষে আহত কয়েকজনকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে। তবে আহতদের বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
এলাকাবাসীরা জানান, স্থানীয় একটি প্রতিষ্ঠানের (সিপি কোম্পানি) নিয়ন্ত্রণ ও দখল নিয়ে বিরোধের জেরে এ ঘটনার সূত্রপাত ঘটে। পূর্ব থেকে চলে আসা উত্তেজনা এ হামলার মাধ্যমে সহিংস রূপ নেয়।
ঘটনার পর বাজার এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং অনেক ব্যবসায়ী দোকানপাট বন্ধ করে দেন। বর্তমানে পুরো এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
এ বিষয়ে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রশাসনের তৎপরতা বাড়ানো হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।


