বগুড়ায় টানা ৪০ দিন নিয়মিত নামাজ আদায় করায় তিন শিশুকে বাইসাইকেল উপহার দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া মহানগরীর ৪ নম্বর ওয়ার্ড শাখা। এ ছাড়া প্রতিযোগিতায় অংশ নেওয়া অন্য ১৫ শিশুকে ছাতা এবং সব প্রতিযোগীকে বই ও টুপি উপহার দেওয়া হয়েছে।শুক্রবার (১৬ অক্টোবর) বাদ জুমা বগুড়া শহরের জহুরুল নগর এলাকার বাইতুন নুর জামে মসজিদ প্রাঙ্গণে আয়োজিত এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসব উপহার তুলে দেওয়া হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া সিটি করপোরেশনের ৪ নম্বর ওয়ার্ডে জামায়াতের কাউন্সিলর প্রার্থী ডা. মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রফেসর মোশাররফ হোসেন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৬ নম্বর ওয়ার্ডে জামায়াতের কাউন্সিলর প্রার্থী রেজাউল করিম রেজা, ব্যাংকার আব্দুল কুদ্দুস মণ্ডল, বাইতুন নুর জামে মসজিদের খতিব মাওলানা মো. আনোয়ার হোসেন খান, ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি মাওলানা মমিনুল ইসলাম ফরহাদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।এ ছাড়া অনুষ্ঠানে আব্দুস সোবাহান, খলিলুর রহমান, প্রফেসর আব্দুল বারী, আব্দুল কাদের, আবুল হোসেন, আব্দুল আলিম, আবু সালেক, জাসাদ ছালাবা সুজন, আব্দুস সালাম ও জাকিরুল ইসলাম উপস্থিত ছিলেন।আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, প্রতিযোগিতায় অংশ নেওয়া ১৮ শিশুর মধ্যে নিয়মিত নামাজ আদায়ের জন্য সেরা হিসেবে নির্বাচিত হয় জাবির আহনাফ, নিয়ামুল মোর্শেদ রাদ ও আব্দুল মোহায়মিন সোহেল। তাদের প্রত্যেককে একটি করে বাইসাইকেল উপহার দেওয়া হয়।
অন্য ১৫ প্রতিযোগীকে দেওয়া হয় ছাতা। পাশাপাশি শিশুদের ধর্মীয় অনুশীলনে উৎসাহিত করতে সব প্রতিযোগীর হাতে বই ও টুপি তুলে দেন আয়োজকেরা।শিশুদের মধ্যে নিয়মিত নামাজ আদায়ের অভ্যাস গড়ে তোলা এবং ধর্মীয় শিক্ষার প্রতি আগ্রহ বাড়ানোর উদ্দেশ্যে এ আয়োজন করা হয়েছে বলে আয়োজকেরা জানিয়েছেন।