বগুড়ার শেরপুরে পাওনা টাকা পরিশোধকে কেন্দ্র করে বিরোধের জেরে মারধরের ঘটনায় সিরাজ (বৃদ্ধ) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত ৯টার দিকে উপজেলার নাকুয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে শেরপুর থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। পুলিশ এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে বলে জানা গেছে।নিহত সিরাজ শেরপুর উপজেলার নাকুয়া গ্রামের মৃত মাওলানা আবুল কালাম আজাদের ছেলে।স্থানীয় সূত্রে জানা যায়, ধুনট উপজেলার গোয়ালভাগ গ্রামের মৃত মোকছেদ আলী সরকারের ছেলে মো. তোজাম সরকার ও তাঁর ছেলে কাওসার আলী বৃহস্পতিবার রাত ৯টার দিকে পাওনা টাকা চাইতে সিরাজের ভাই মো. ছানোয়ার হোসেনের বাড়িতে যান। এ সময় ছানোয়ার হোসেন পাওনা টাকা পরিশোধের জন্য কিছুটা সময় চান। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে তোজাম সরকার ও কাওসার আলী ছানোয়ার হোসেনকে টেনেহিঁচড়ে বাড়ির বাইরে নিয়ে মারধর করেন বলে অভিযোগ উঠেছে।ছানোয়ারের চিৎকার শুনে তাঁর ভাই সিরাজ ঘটনাস্থলে ছুটে এসে তাঁকে রক্ষার চেষ্টা করেন। এ সময় অভিযুক্তরা সিরাজকেও মারধর করেন বলে অভিযোগ রয়েছে। মারধরের একপর্যায়ে কাওসার আলী সিরাজের বুকে লাথি মারলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে জানা গেছে।
এ ঘটনায় নিহত সিরাজের ছেলে বাদী হয়ে শেরপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। পুলিশ এ ঘটনায় তোজাম সরকার ও কাওসার আলীকে গ্রেপ্তার করেছে বলে জানা গেছে।পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে এমন প্রাণহানির ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত ও আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।