মৌলভীবাজার সদর উপজেলায় এক কলেজছাত্রীকে উত্ত্যক্ত ও অপহরণের চেষ্টার অভিযোগ উঠেছে। এ সময় আত্মরক্ষার্থে চলন্ত টমটম অটোরিকশা থেকে লাফ দিয়ে গুরুতর আহত হয়েছেন সাদিয়া আক্তার ঝুমা (১৮) নামের এক কলেজছাত্রী। এতে তার সামনের দুটি দাঁত ভেঙে গেছে।সোমবার (৩১ আগস্ট) সকাল আনুমানিক ১০টা ২০ মিনিটের দিকে মৌলভীবাজার সদর উপজেলার গোমরা যুব প্রশিক্ষণ কেন্দ্রের সামনের সড়কে এ ঘটনা ঘটে।
আহত সাদিয়া আক্তার ঝুমা শহরের উত্তর জগন্নাথপুর এলাকার গোমরা সুলেমান ভিলার ভাড়াটিয়া জাহাঙ্গীর আলমের মেয়ে। তিনি স্থানীয় একটি কলেজের শিক্ষার্থী।স্থানীয় ও ভুক্তভোগীর পারিবারিক সূত্রে জানা যায়, সকালে বাড়ি থেকে কলেজে যাওয়ার উদ্দেশ্যে একটি টমটম অটোরিকশায় ওঠেন ঝুমা। টমটমে আগে থেকেই এক অজ্ঞাতনামা যাত্রী বসা ছিলেন। ঝুমা ওঠার পর ওই ব্যক্তি বারবার তার গা ঘেঁষে বসতে থাকেন এবং তাকে উত্ত্যক্ত করেন বলে অভিযোগ।ভুক্তভোগী ওই ব্যক্তিকে বারবার নিষেধ করলেও তিনি তা অমান্য করেন বলে অভিযোগ। একপর্যায়ে গোমরা যুব প্রশিক্ষণ কেন্দ্রের সামনে পৌঁছালে পরিস্থিতি বেগতিক দেখে এবং অপহরণের আশঙ্কায় আত্মরক্ষার্থে চলন্ত টমটম থেকে লাফ দেন ঝুমা।এ সময় পাকা সড়কে পড়ে গিয়ে তিনি মুখে গুরুতর আঘাত পান। এতে তার সামনের দুটি দাঁত ভেঙে যায়। পরে তার মা ও স্থানীয়রা তাকে উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে ঘটনার পর স্থানীয় জনতা সন্দেহভাজন টমটম অটোরিকশা ও চালককে আটক করে পুলিশ লাইনের সামনে রাখে বলে জানা গেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগীর পরিবার ও স্থানীয়রা।