PriyoKhobor-PNG
রবিবার, ২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সন্ধ্যা ৭:৩৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

যৌতুকের দাবিতে গৃহবধূকে পিটিয়ে হাত ভাঙার অভিযোগ, স্বামী গ্রেপ্তার

দৈনিক গণআওয়াজ
আগস্ট ২, ২০২৬ ৬:০৪ অপরাহ্ণ
| 62
Link Copied!

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ

বগুড়ার ধুনট উপজেলায় যৌতুকের দাবিতে এক গৃহবধূকে নির্মমভাবে মারধর করে হাত ভেঙে দেওয়া, বাড়ি থেকে বের করে দেওয়া এবং পুনরায় ডেকে নিয়ে হামলার অভিযোগে স্বামী আল মামুন (৩৮)কে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় গৃহবধূ, তার সৎ মা ও বড় বোন আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। ভুক্তভোগীর দায়ের করা মামলায় পুলিশ প্রধান আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানোর প্রস্তুতি নিয়েছে।

‎গ্রেপ্তার হওয়া আল মামুন ধুনট উপজেলার গোসাইবাড়ী ইউনিয়নের পূর্ব গুয়াডহরী গ্রামের মৃত আনুন সরকারের ছেলে।

‎ রবিবার (২ আগস্ট ২০২৬) বিকালে নিজ বাড়ি থেকে আল মামুনকে গ্রেপ্তার করে পুলিশ। মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৭ সালে একই গ্রামের বিথী খাতুনের সঙ্গে ইসলামী শরিয়াহ মোতাবেক নিবন্ধিত বিবাহ হয় আল মামুনের। দাম্পত্য জীবনে তাদের দুটি ছেলে সন্তান রয়েছে। অভিযোগে বলা হয়, বিয়ের সময় এবং পরবর্তীতে গরু, মহিষ, ছাগলসহ বিভিন্ন উপহার ও নগদ প্রায় ৬ লাখ টাকা যৌতুক হিসেবে দেওয়া হলেও তাতেও সন্তুষ্ট হননি অভিযুক্তরা।

‎ভুক্তভোগীর অভিযোগ, পরবর্তীতে বাবার সম্পত্তি নিজেদের নামে লিখে দেওয়ার জন্য দীর্ঘদিন ধরে তার ওপর মানসিক চাপ, শারীরিক নির্যাতন ও নানা ধরনের হয়রানি চালানো হয়। সর্বশেষ আরও ১০ লাখ টাকা যৌতুক এনে দেওয়ার জন্য চাপ সৃষ্টি করা হলে তিনি অপারগতা প্রকাশ করেন। এতে তাকে মারধর করে দুই সন্তানসহ বাড়ি থেকে বের করে দেওয়া হয়। পরে তিনি বাবার বাড়িতে আশ্রয় নেন।

‎অভিযোগে আরও বলা হয়, গত ২৫ জুলাই ২০২৬ সকাল প্রায় ১১টার দিকে স্বামীর ডাকে সন্তানদের নিয়ে শ্বশুরবাড়িতে গেলে পুনরায় ১০ লাখ টাকা যৌতুক দাবি করা হয়। টাকা দিতে অস্বীকৃতি জানালে স্বামীসহ পরিবারের সদস্যরা তাকে অকথ্য ভাষায় গালিগালাজ ও মারধর শুরু করেন।

‎একপর্যায়ে স্বামী আল মামুন বাঁশের লাঠি দিয়ে তার মাথায় আঘাত করার চেষ্টা করলে আঘাত ডান কাঁধে লাগে। পরে আত্মরক্ষার চেষ্টা করলে তার বাম হাতের কনুই গুরুতরভাবে ভেঙে যায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

‎গৃহবধূর চিৎকার শুনে তাকে উদ্ধার করতে এগিয়ে এলে তার সৎ মা উম্মে কুলসুমকেও লাঠি দিয়ে আঘাত করা হয়। এতে তার ডান হাতের একটি আঙুল ভেঙে যায় এবং মাথায় গুরুতর জখম হয়। পরে বড় বোন মিষ্টি খাতুন এগিয়ে এলে তাকেও এলোপাতাড়ি মারধর করা হয়। এতে তিনিও শরীরের বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত হন।

‎স্থানীয় লোকজন ও প্রত্যক্ষদর্শীরা আহতদের উদ্ধার করে প্রথমে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে গুরুতর আহত বিথী খাতুন ও তার সৎ মাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পরবর্তীতে ২৭ জুলাই অর্থোপেডিক বিভাগে তাদের ভর্তি করা হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

‎ভুক্তভোগীর অভিযোগ, হামলার সময় অভিযুক্তরা প্রাণনাশের হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করে। চিকিৎসা গ্রহণ এবং পারিবারিক পরামর্শ শেষে তিনি ধুনট থানায় লিখিত এজাহার দায়ের করেন এবং জড়িত সকলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

‎ধুনট থানার সেকেন্ড অফিসার (এসআই) মো. নজরুল ইসলাম বলেন, “মামলার এক নম্বর আসামি আল মামুনকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে সোমবার সকালে বগুড়ার আদালতে পাঠিয়ে জেলহাজতে প্রেরণের প্রক্রিয়া সম্পন্ন করা হবে। মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।”

‎এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযোগের বিষয়গুলো গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুনঃ  সাপের কামড়ে হাসপাতালে যাওয়া ওঝা পূর্ণাঙ্গ চিকিৎসা না নিয়ে বাড়িতে
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST