
মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের মধুপুরে জৈব পদ্ধতিতে শাকসবজি চাষ, স্থানীয় বীজ সংরক্ষণ ও পারিবারিক পুষ্টি নিশ্চিতকরণ বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) কারিতাস ময়মনসিংহ অঞ্চলের ‘আলোক কোরে-২’ প্রকল্পের আয়োজনে পীরগাছা থাংয়ানি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের হলরুমে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।প্রশিক্ষণে বসতবাড়িতে জৈব পদ্ধতিতে শাকসবজি চাষের আধুনিক ও পরিবেশবান্ধব কৌশল, বীজ উৎপাদন এবং স্থানীয় বীজ সংরক্ষণের বিভিন্ন পদ্ধতি সম্পর্কে অংশগ্রহণকারীদের ধারণা দেওয়া হয়। পাশাপাশি বসতবাড়িতে শাকসবজি চাষ ও গৃহপালিত প্রাণী পালনের মাধ্যমে পারিবারিক পুষ্টির চাহিদা পূরণ এবং জৈব পণ্য বাজারজাত করে পরিবারের আয় বৃদ্ধির বিভিন্ন দিক তুলে ধরা হয়।প্রশিক্ষণে সহায়ক হিসেবে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা কৃষি কার্যালয়ের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. আব্দুল বাছেদ। এছাড়া কারিতাসের ‘আলোক কোরে-২’ প্রকল্পের কো-অর্ডিনেটর মি. বাঁধন চিরান, কৃষি কর্মকর্তা মিসেস এনা নকরেক এবং মাঠ কর্মকর্তা মিসেস সূচনা রুরাম প্রশিক্ষণ কার্যক্রমে সহযোগিতা করেন।
আয়োজকরা জানান, প্রশিক্ষণের মাধ্যমে নির্বাচিত সদস্যদের জৈব কৃষি সম্পর্কে জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি পাবে। একই সঙ্গে নিরাপদ খাদ্য উৎপাদন, স্থানীয় বীজ সংরক্ষণ, পারিবারিক পুষ্টি নিশ্চিতকরণ এবং জৈব কৃষিপণ্য বাজারজাতের মাধ্যমে আয় বৃদ্ধির সুযোগ তৈরি হবে।


