
এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
“ফল বেশি খাই, পুষ্টি ও স্বাস্থ্য গড়ি” প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়া সদর উপজেলা পরিষদ চত্বরে তিন দিনব্যাপী ফল মেলা ২০২৬-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জুন ২০২৬) কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এবং জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় আয়োজিত এ মেলার উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. রেজাউল করিম বাদশা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সোহেল মো. শামসুদ্দীন ফিরোজ, মো. আব্দুল ওয়াদুদ এবং এইচ এম মাফতুন আহমেদ খান রুবেল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো. তৌফিকুর রহমান। স্বাগত বক্তব্য প্রদান করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (শস্য-সার্বিক)।
প্রধান অতিথির বক্তব্যে মো. রেজাউল করিম বাদশা বলেন, দেশের পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে ফল উৎপাদন ও ভোগ বৃদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি কৃষকদের আধুনিক প্রযুক্তিনির্ভর ফল চাষে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান এবং দেশীয় ফলের উৎপাদন ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা অব্যাহত থাকবে বলে উল্লেখ করেন।
মেলায় দেশীয় ও মৌসুমি বিভিন্ন প্রজাতির ফলের আকর্ষণীয় প্রদর্শনী, আধুনিক কৃষি প্রযুক্তি, ফল সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণ সম্পর্কিত তথ্য এবং কৃষি উদ্যোক্তাদের উদ্ভাবনী উদ্যোগ তুলে ধরা হয়। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, কৃষক, উদ্যোক্তা ও সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতিতে মেলাপ্রাঙ্গণ প্রাণবন্ত হয়ে ওঠে।
আয়োজকরা জানান, ফল মেলার মাধ্যমে দেশীয় ফলের উৎপাদন বৃদ্ধি, নিরাপদ ও পুষ্টিকর খাদ্য গ্রহণে জনসচেতনতা সৃষ্টি, কৃষকদের আধুনিক ফল চাষে উদ্বুদ্ধ করা এবং কৃষিভিত্তিক অর্থনীতিকে আরও শক্তিশালী করাই এ আয়োজনের মূল লক্ষ্য।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং প্রদর্শিত ফল, চারা ও কৃষি প্রযুক্তি সম্পর্কে খোঁজখবর নেন। মেলায় অংশগ্রহণকারী কৃষক ও উদ্যোক্তারা এ ধরনের আয়োজনকে কৃষি উন্নয়ন ও পুষ্টি সচেতনতা বৃদ্ধির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন।


