
এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়ার আদমদীঘি উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ২০০ গ্রাম গাঁজা ও ৭ লিটার চোলাই মদসহ ৭ জন চুনাপুঁটি মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), বগুড়া। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।
রোববার (২৪ মে ২০২৬) দুপুরে ডিএনসি বগুড়া কার্যালয়ের ‘খ’ সার্কেলের একটি আভিযানিক দল উপজেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন আদমদীঘি উপজেলার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আশরাফুল ইসলাম। এসময় মাদকবিরোধী অভিযানে ২০০ গ্রাম গাঁজা ও ৭ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— মোঃ অন্তর ইসলাম (২২), পিতা: মোঃ দুলাল ফকির, গ্রাম: বড় জিনইর; সনজিত পাহান (৩০), পিতা: হরিলাল পাহান; সুরেশ পাহান (২১), পিতা: মৃত বলাই পাহান; রনজিত পাহান (২৮), পিতা: উপেন পাহান, সকলের বাড়ি ইসবপুর গ্রামে। এছাড়া হোসেন আলী (২৫), পিতা: তবিজ মণ্ডল, গ্রাম: দুধুকুড়ি, থানা: বদলগাছী, নওগাঁ; বাপ্পা (৪০), পিতা: মনসুর আলী, গ্রাম: উপর পোঁওতা, আদমদীঘি এবং চয়ন (২৭), পিতা: বাবু, গ্রাম: দুধুকুড়ি, থানা: বদলগাছী, নওগাঁ।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, আটককৃতদের মধ্যে একজনকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড, চারজনকে ১০ দিন করে এবং বাকি দুইজনকে ৩ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি চারজনকে ৫০০ টাকা, একজনকে ২ হাজার টাকা এবং অপর দুইজনকে ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।
ডিএনসি কর্মকর্তারা জানান, মাদক নির্মূলে তাদের অভিযান অব্যাহত থাকবে। সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে প্রশাসনের পাশাপাশি সচেতন মহলকেও এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে।


