
নিজস্ব প্রতিবেদকঃ
ঝিনাইদহের মহেশপুরে জমিজমা নিয়ে বিরোধের জেরে নূর মোহাম্মদ (৫০) নামে এক কৃষককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার (১৩ নভেম্বর) দুপুরে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়ার পর তাঁর মৃত্যু হয়।
নিহত কৃষক ঝিনাইদহের মহেশপুর উপজেলার গয়েশপুর গ্রামের মৃত হানিফ আলীর ছেলে নূর মোহাম্মদ।
পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল ১১টার দিকে মহেশপুর উপজেলার পোড়াদহ মাঠে জমিজমা নিয়ে নূর মোহাম্মদের সঙ্গে একই এলাকার জসিম (৩৪) নামে এক ব্যক্তির কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে জসিম তাঁর হাতে থাকা ধারালো হাঁসুয়া দিয়ে নূর মোহাম্মদের মাথায় কোপ দেন বলে অভিযোগ পরিবারের। এতে তিনি গুরুতর আহত হন।
পরে পরিবারের সদস্যরা আহত অবস্থায় নূর মোহাম্মদকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে দুপুর ১টার দিকে তাঁকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে যশোর কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. বদরুজ্জামান মোল্লা বলেন, একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।


