
এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
বগুড়ার স্টেশন রোড এলাকার বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদ সংলগ্ন এলাকা ও কুটুবাড়িতে অভিযান চালিয়ে ৯০ গ্রাম গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), বগুড়া। শনিবার (২৩ মে ২০২৫) পরিচালিত এ অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— নন্দীগ্রাম উপজেলার কড়াইহাট এলাকার একরাম হোসেনের ছেলে শামীম হোসেন (২৪), গোবিন্দগঞ্জ উপজেলার ছোট দুর্গাপুর এলাকার খলিলুর রহমানের ছেলে গোলাম মোস্তফা (২০) এবং বগুড়া সদর উপজেলার কুটিবাড়ি এলাকার আলমগীর হোসেনের ছেলে আরিফ (২১)।
জানা গেছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বগুড়ার ‘ক’ সার্কেলের একটি আভিযানিক দল সদর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আব্দুল ওয়াজেদের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। এ সময় স্টেশন রোডের বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদ সংলগ্ন এলাকা এবং কুটুবাড়িতে বিশেষ অভিযান চালিয়ে ৯০ গ্রাম গাঁজাসহ ওই তিনজনকে আটক করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালত ১নং ও ২নং আসামিকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন। এছাড়া ৩নং আসামি আরিফকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযান শেষে জব্দকৃত মাদকদ্রব্য বিজ্ঞ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ঘটনাস্থলেই ধ্বংস করা হয়।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, সমাজ থেকে মাদক নির্মূলে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এমন তৎপরতায় স্থানীয় সচেতন মহল সন্তোষ প্রকাশ করেছে।


