
এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা ইউনিয়নের লক্ষীকোলা গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ভয়াবহ রক্তক্ষয়ী সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। সোমবার (১৮ মে ২০২৬) সকাল অনুমান ৮টার দিকে ঘটে যাওয়া এ মর্মান্তিক ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। আহত হয়েছেন আরও একজন, যিনি বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নিহতরা হলেন – ইয়াছিন (৩৫), তিনি জামিল হোসেনের ছেলে এবং সুমন (৩০), তিনি তোফাজ্জল হোসেনের ছেলে। তারা সম্পর্কে আপন চাচাতো ভাই এবং একই গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, বসতভিটার জমির সীমানা নিয়ে দীর্ঘদিন ধরে দুই পরিবারের মধ্যে বিরোধ চলে আসছিল। বিষয়টি নিয়ে একাধিকবার স্থানীয়ভাবে সালিশ ও মীমাংসার উদ্যোগ নেওয়া হলেও কোনো স্থায়ী সমাধান হয়নি। সোমবার সকালে বিরোধপূর্ণ জমিতে ভবন নির্মাণের কাজ শুরু হলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছে যায়। একপর্যায়ে কথাকাটাকাটির জেরে সংঘর্ষ বাধে।
অভিযোগ রয়েছে, জব্বার মুনসির ছেলে রেজাউল এবং তার দুই ছেলে রাহাত (২৬) ও রাব্বি হোসেন (২৫) ধারালো অস্ত্র নিয়ে প্রতিপক্ষের ওপর অতর্কিত হামলা চালায়। এতে ইয়াছিন ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত অবস্থায় সুমনকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় আহত অপর একজনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পরপরই গ্রামজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
খবর পেয়ে শিবগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে এবং এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।
স্থানীয়দের দাবি, দীর্ঘদিনের জমিজমা বিরোধের জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। তারা দ্রুত দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।


