
এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
বগুড়ার ধুনট উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে সিআর (কোর্ট রেজিস্টার) মামলার পরোয়ানাভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গত শনিবার (১৬ মে ২০২৬) রাত আনুমানিক ১০টার দিকে উপজেলার নিমগাছী ইউনিয়নের নাংলু গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন – নাংলু গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে জাহিদুল ইসলাম (৫০) এবং তার ছেলে তৌহিদুল ইসলাম (২৫)।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ধুনট থানার এএসআই শাহজাহান আলী ও এএসআই সেলিম শেখের নেতৃত্বে একটি দল শনিবার রাতে অভিযান পরিচালনা করে। এ সময় নিজ বাড়ি থেকে সিআর মামলার ৭৩/২৬ পরোয়ানাভুক্ত ওই দুই আসামিকে গ্রেপ্তার করা হয়। মামলাটি ২০২৩ সালের ভূমি অপরাধ আইনের ৪(২) ও ৭(৩) ধারায় দায়ের করা হয়েছে।
এ বিষয়ে ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আতিকুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা ছিল। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাদের বগুড়া আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
ধুনট থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অপরাধ দমন ও পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।


