
এম.এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
“শিক্ষা ব্যতীত কোনো জাতি সামনে অগ্রসর হতে পারে না”- এমন মন্তব্য করেছেন বগুড়ার শেরপুর উপজেলার ইউএনও সাইদুজ্জামান হিমু।
সোমবার (১১ মে ২০২৬) দুপুরে তিনি কুসুম্বী ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনকালে এ মন্তব্য করেন। এ সময় তিনি কুসুম্বী ইউনিয়নের জামুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আকস্মিক পরিদর্শনে যান।
পরিদর্শনকালে ইউএনও শিক্ষার্থীদের সঙ্গে আন্তরিকভাবে কথা বলেন এবং তাদের খোঁজখবর নেন। তিনি শ্রেণিকক্ষে উপস্থিত হয়ে পাঠদান কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি জানতে পারেন, বিদ্যালয়ে পরীক্ষা চলমান রয়েছে। বিদ্যালয়ের সার্বিক শৃঙ্খলা, পরিচ্ছন্ন পরিবেশ ও পাঠদানের মান দেখে তিনি সন্তোষ প্রকাশ করেন। শিক্ষার্থীরাও জানান, বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম নিয়মিত ও সুষ্ঠুভাবে পরিচালিত হচ্ছে।
পরে তিনি একই কম্পাউন্ডে অবস্থিত জামুর হাইস্কুল পরিদর্শন করেন এবং বিভিন্ন শ্রেণিকক্ষে গিয়ে পাঠদান কার্যক্রম পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানান। তাঁর মতে, এসব সহশিক্ষা কার্যক্রম শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং মাদকসহ বিভিন্ন সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে সহায়ক হয়।
এছাড়া তিনি শিক্ষকবৃন্দকে শিক্ষার্থীদের মাঝে নিয়মিত নৈতিক শিক্ষা, সামাজিক সচেতনতা ও মূল্যবোধ বিষয়ে আলোচনা জোরদারের পরামর্শ দেন।
সবশেষে ইউএনও সাইদুজ্জামান হিমু বলেন, “আসুন আমরা সবাই মিলে শিক্ষিত, সচেতন ও মানবিক একটি সুন্দর প্রজন্ম গড়ে তুলি, যারা ভবিষ্যতে দেশ ও জাতির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”


