
খন্দকার জাহাঙ্গীর হুসাইন:
সাভারে সরকারি খাস জমিতে অবৈধভাবে হকার বসিয়ে দখলের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। সোমবার দুপুরে সাভার মডেল মসজিদের পাশ্ববর্তী এলাকায় এ অভিযান পরিচালনা করেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম।
অভিযান চলাকালে সরকারি জায়গা দখল করে গড়ে ওঠা অস্থায়ী দোকানপাট ও হকারদের সরিয়ে দেওয়া হয়। এসময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং স্থানীয় প্রশাসনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসন জানায়, দীর্ঘদিন ধরে সরকারি খাস জমিতে অবৈধভাবে হকার বসিয়ে জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছিল। এর প্রেক্ষিতে সরকারি জমি দখলমুক্ত রাখতে এ অভিযান পরিচালনা করা হয়।
উচ্ছেদ অভিযানের সময় ইউএনও মোঃ সাইফুল ইসলাম হকারদের উদ্দেশ্যে বলেন, “এটি সরকারি খাস জমি। অবৈধভাবে এখানে ব্যবসা পরিচালনার সুযোগ নেই। তবে আসন্ন ঈদকে সামনে রেখে আপনাদের পুনর্বাসনের জন্য উপযুক্ত বসার স্থান ব্যবস্থা করার চেষ্টা করা হবে।”
প্রশাসনের পক্ষ থেকে আরও জানানো হয়, জনসাধারণের স্বাভাবিক চলাচল নিশ্চিত করা এবং সরকারি সম্পত্তি রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।


