
এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের সংসদ সদস্য মোঃ মোশারফ হোসেন বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অশ্লীল নৃত্য পরিবেশনের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক সতর্কীকরণ বার্তায় তিনি জানান, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি অশালীন নৃত্যের ভিডিও তার নজরে এসেছে, যা অত্যন্ত দুঃখজনক ও উদ্বেগজনক।
তিনি অভিযোগ করেন, বৈশাখী মেলা, স্কুলের বিদায়ী অনুষ্ঠান, জামাই মেলা, শ্রমিক দিবসসহ বিভিন্ন সাংস্কৃতিক আয়োজনে জিয়াউর রহমান, খালেদা জিয়া এবং তার নিজের ছবি ব্যবহার করে অশালীন নৃত্য পরিবেশন করা হচ্ছে।
এমপি মোশারফ হোসেন বলেন, গণতান্ত্রিক অধিকার হিসেবে অনুমতি নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা যেতে পারে, তবে কোনোভাবেই অশ্লীলতা বরদাশত করা হবে না। এ ধরনের কর্মকাণ্ড সমাজকে বিপথে ঠেলে দিচ্ছে এবং তরুণ প্রজন্মকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, “নিজস্ব স্বার্থে দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। দলের নাম ব্যবহার করে কেউ যেন কোনো বিতর্কিত কর্মকাণ্ডে জড়াতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।”
দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, শালীনতা বজায় রেখে অনুষ্ঠান আয়োজন করতে হবে এবং সমাজের ইতিবাচক মূল্যবোধ রক্ষায় ভূমিকা রাখতে হবে।
একই সঙ্গে প্রশাসনের সর্বস্তরের কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি নির্দেশ দেন, কোথাও অশালীন অনুষ্ঠান হলে তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে।


