
এম.এ রাশেদ,স্টাফ রিপোর্টার: বগুড়ার শেরপুর উপজেলায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন শুরু করেছেন এক অনার্সপড়ুয়া তরুণী। মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেলে উপজেলার গাড়িদহ ইউনিয়নের রামনগর দক্ষিণপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
অভিযুক্ত যুবক আব্দুল হালিম (২৬) একই এলাকার বাসিন্দা এবং আব্দুল আলীর ছেলে। তিনি সরকারি আজিজুল হক কলেজের সমাজকল্যাণ বিভাগের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী। পাশাপাশি স্থানীয়ভাবে পল্লী পশু চিকিৎসক হিসেবে কাজ করেন এবং বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছেন বলে জানা গেছে।
ভুক্তভোগী তরুণী সিমা জানান, গত পাঁচ বছর ধরে হালিমের সঙ্গে তার প্রেমের সম্পর্ক রয়েছে। তিনি অভিযোগ করেন, বিয়ের আশ্বাস দিয়ে হালিম তাকে বিভিন্ন আবাসিক হোটেলে নিয়ে গিয়ে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করেন।
সিমার দাবি, দীর্ঘদিন ধরে বিয়ের প্রতিশ্রুতি দিলেও বর্তমানে হালিম ও তার পরিবার বিয়েতে অস্বীকৃতি জানাচ্ছেন। এর প্রতিবাদে তিনি প্রেমিকের বাড়িতে এসে অনশন শুরু করেছেন। তিনি বলেন, “আমার সঙ্গে প্রতারণা করা হয়েছে। আমি এর সুষ্ঠু বিচার চাই এবং হালিমকে বিয়ে করতে চাই।”
ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ভিড় করেন। বিষয়টি সমাধানের জন্য স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা চেষ্টা করছেন বলে জানা গেছে।
এ বিষয়ে অভিযুক্ত আব্দুল হালিমের বক্তব্য পাওয়া যায়নি। তবে স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
শেরপুর থানার পুলিশ জানায়, লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


