PriyoKhobor-PNG
বৃহস্পতিবার, ১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ২:০৭
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

ধুনটে অভাবের যন্ত্রণায় নিঃশব্দে মৃত্যুর প্রহর গুনছেন বৃদ্ধ ছবদের আকন্দ

দৈনিক গণআওয়াজ
এপ্রিল ২৬, ২০২৬ ১:৪২ অপরাহ্ণ
| 1
Link Copied!

‎ এম,এ রাশেদ, স্টাফ রিপোর্টারঃ

বগুড়ার ধুনট উপজেলার চৌকিবাড়ি ইউনিয়নের বিষ্ণপুর গ্রামের এক কোণে ভাঙাচোরা একটি চৌচালা ঘরে নিঃশব্দে কেটে যাচ্ছে বৃদ্ধ ছবদের আকন্দের জীবন। চারপাশের নিস্তব্ধতায় যেন লুকিয়ে আছে এক অসহায় মানুষের দীর্ঘশ্বাস আর নীরব আর্তনাদ, যা কারও কানে পৌঁছায় না।

‎সত্তরোর্ধ্ব ছবদের আকন্দ একসময় ছিলেন পরিশ্রমী কৃষক এবং পরিবারের একমাত্র ভরসা। কিন্তু বার্ধক্য ও নানা জটিল রোগে আক্রান্ত হয়ে এখন তিনি জরাজীর্ণ ঘরে চিকিৎসাহীন অবস্থায় বিছানায় পড়ে মানবেতর জীবনযাপন করছেন। ঘরে ঢুকলেই চোখে পড়ে তার চরম অসহায়ত্ব—শুকনো শরীর, পাঁজরের হাড় স্পষ্ট, যেন দুর্ভিক্ষপীড়িত এক মানুষের প্রতিচ্ছবি। তীব্র গরমেও নেই কোনো স্বস্তির ব্যবস্থা, নেই প্রয়োজনীয় চিকিৎসা। অসহায় দৃষ্টিতে তাকিয়ে থাকা আর দীর্ঘশ্বাসই যেন তার নিত্যসঙ্গী।

‎তার পাশে আছেন সমবয়সী অসুস্থ স্ত্রী জোবেদা বেগম। বয়সের ভার আর দারিদ্র্যের কষ্টে তার মুখেও স্পষ্ট ক্লান্তির ছাপ।

‎জোবেদা বেগম জানান, “এক বছর আগে পেটের সমস্যার কারণে অনেক কষ্ট করে অপারেশন করিয়েছিলাম। ভালো হওয়ার আগেই আবার হাঁপানি (অ্যাজমা) ধরা পড়ে। এখন চার মাস ধরে বিছানায় পড়ে আছি। ওষুধ কেনার টাকা নেই, ঠিকমতো খাবারও জোটে না। অনেক সময় একবেলা খেয়ে আরেক বেলা না খেয়ে থাকতে হয়। আমি নিজেও অসুস্থ—অন্যের সাহায্য ছাড়া কিছুই করতে পারি না। আল্লাহর উপর ভরসা করা ছাড়া আর কোনো উপায় নেই।”

‎স্থানীয়দের সূত্রে জানা যায়, ছবদের আকন্দের দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। দুই ছেলে দিনমজুর হলেও বিয়ের পর আলাদা সংসারে থাকেন। নিজেদের পরিবার চালাতেই তারা হিমশিম খাচ্ছেন, ফলে বাবার চিকিৎসার খরচ বহন করা তাদের পক্ষে প্রায় অসম্ভব হয়ে পড়েছে। শুরুতে তারা কিছুটা চেষ্টা করলেও দীর্ঘমেয়াদে তা আর সম্ভব হয়নি।

‎ছোট মেয়ে, যার বিয়ে হয়েছে কাছাকাছি এলাকায়, মাঝেমধ্যে বাবা-মায়ের জন্য খাবার নিয়ে আসেন। কিন্তু তার নিজের সংসারের সীমাবদ্ধতার কারণে নিয়মিত সহায়তা দেওয়া সম্ভব হয় না।

‎প্রতিবেশীরাও সহানুভূতির হাত বাড়িয়ে মাঝে মাঝে খাবার বা সামান্য সহায়তা দেন। তবে তা প্রয়োজনের তুলনায় খুবই অপ্রতুল। দীর্ঘমেয়াদি চিকিৎসা ও ন্যূনতম জীবনযাপনের জন্য যে সহায়তা প্রয়োজন, তা জোগাড় করা তাদের পক্ষে অসম্ভব হয়ে দাঁড়িয়েছে।

‎অর্থের অভাবে চিকিৎসা না হওয়ায় ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছেন এই অসহায় বৃদ্ধ। এমন করুণ পরিস্থিতিতে ছবদের আকন্দের পরিবার সমাজের হৃদয়বান ও বিত্তবান মানুষের কাছে সহায়তার আবেদন জানিয়েছেন।

‎ মানবতার এই কঠিন সময়ে সহমর্মী মানুষের সহযোগিতাই পারে একটি অসহায় জীবনের কষ্ট কিছুটা লাঘব করতে – এমনটাই প্রত্যাশা পরিবারটির।

আরও পড়ুনঃ  পাইকগাছায় ঘুর্ণিঝড় ব্যবস্থাপনা বিষয়ক মাঠ মহড়া " সাগর পাড়ের জীবন যুদ্ধ " অনুষ্ঠিত 
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST