
চর লরেন্স বাজারে অব্যাহত চুরির ঘটনায় ব্যবসায়ীদের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল
লক্ষীপুরের কমলনগর উপজেলার চর লরেন্স বাজারে সাম্প্রতিক সময়ে বেড়ে যাওয়া চুরির ঘটনার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয় ব্যবসায়ীরা। বাজারের ভুক্তভোগী ও সাধারণ ব্যবসায়ীদের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে অংশ নেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে বাজারে একের পর এক চুরির ঘটনা ঘটলেও এখনো কার্যকর কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। এতে ব্যবসায়ীদের মধ্যে চরম আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে। তারা দ্রুত দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার জোর দাবি জানান।
এসময় বক্তব্য রাখেন বাজার ব্যবসায়ী মোঃ কামাল উদ্দিন, ইজি ফ্যাশনের মালিক নুর উদ্দিন, ব্যবসায়ী মিলন লশকর, হুমায়ুন এবং আল আমিন হুজুর। এতে বক্তারা বলেন,
“আমরা দিন-রাত পরিশ্রম করে ব্যবসা চালাই, কিন্তু বারবার চুরির ঘটনায় আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। প্রশাসনের কার্যকর পদক্ষেপ ছাড়া এ সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব নয়।”
ভুক্তভোগী ব্যবসায়ীরা জানান,ইজি ফ্যাশন নামক দোকানে গত দুই মাসের মধ্যে দুইবার চুরির ঘটনা ঘটেছে। এছাড়া শিরোনাম ফ্যাশনে একবার এবং কমান্ডার স্টোরে দুইবার চুরির ঘটনা ঘটে। এতে ব্যবসায়ীদের নগদ টাকা সহ বিশ লাখ টাকা আর্থিক ক্ষতি হয়েছে।
মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। কর্মসূচির শেষ মুহূর্তে থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন এবং বাজারে চুরি বন্ধে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করার আশ্বাস দেন।
ব্যবসায়ীরা প্রশাসনের এই আশ্বাসকে স্বাগত জানালেও দ্রুত দৃশ্যমান পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন। তারা বলেন, চুরি বন্ধ না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
স্থানীয় সচেতন মহল মনে করছেন, বাজারে নিরাপত্তা ব্যবস্থা জোরদার, নিয়মিত টহল বৃদ্ধি এবং সিসিটিভি ক্যামেরা স্থাপনের মাধ্যমে এ ধরনের অপরাধ অনেকাংশে নিয়ন্ত্রণে আনা সম্ভব।


