বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলায় যাত্রীবাহী বাসে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১ হাজার ৭০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. মাহাবুব হাসান (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় মাদক কারবারে ব্যবহৃত সিমকার্ডসহ দুটি মুঠোফোনও জব্দ করা হয়।গত রোববার (১৮ অক্টোবর) রাতে বগুড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ‘ক’ সার্কেলের একটি দল ঢাকা-রংপুর মহাসড়কের শিবগঞ্জ উপজেলার মোকামতলা ইউনিয়নের পাকুরতলা এলাকায় এ অভিযান পরিচালনা করে।গ্রেপ্তার মাহাবুব হাসান ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল উপজেলার ভদ্রেশ্বরী গ্রামের মৃত কালাম আলীর ছেলে।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা থেকে পঞ্চগড়গামী ‘যমুনা লাইন’ পরিবহনের একটি যাত্রীবাহী কোচে তল্লাশি চালানো হয়। ঢাকা মেট্রো-ব-১৪-৯৯০১ নম্বরের বাসটি উপজেলার ভরিয়া পাকুরতলা এলাকায় এসএস ফুড জোনের সামনে মহাসড়কের পশ্চিম পাশের পাকা সড়কে থামিয়ে তল্লাশি করা হয়।এ সময় বাসের বি-৩ নম্বর আসনে বসে থাকা মাহাবুব হাসানের আচরণ ও পরিচয় যাচাইয়ের পাশাপাশি তাঁর দেহ তল্লাশি করা হয়। তিনি টিকিট ছাড়াই ওই আসনে বসে ছিলেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। তল্লাশির একপর্যায়ে তাঁর পরিহিত জিনসের প্যান্টের ডান পকেটে থাকা একটি খাকি খামের ভেতর থেকে নীল রঙের জিপারযুক্ত আটটি পলিপ্যাকেট উদ্ধার করা হয়। পরে প্যাকেটগুলোতে মোট ১ হাজার ৭০০ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।অভিযানকালে তাঁর কাছ থেকে সিমকার্ডসহ একটি অ্যান্ড্রয়েড মুঠোফোন এবং সিমকার্ডসহ একটি বাটন ফোন জব্দ করা হয়। উদ্ধার করা ইয়াবা ও জব্দ করা মুঠোফোনগুলো পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বগুড়া ‘ক’ সার্কেল জেলা কার্যালয়ের উপপরিদর্শক (এসআই) মো. হুমায়ুন কবির বাদী হয়ে শিবগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা করেছেন।মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার রোধে সরকারের ঘোষিত ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নের অংশ হিসেবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।