
কয়রা (খুলনা)প্রতিনিধিঃ
খুলনার কয়রা উপজেলার উত্তর বেদকাশী কাটমারচর খেয়াঘাটে অসহায় বনজীবীদের মাঝে জীবনজীবিকা ও সুরক্ষাসামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার (১৯ অক্টোবর) সকাল ৮টায় একটি বিদেশি দাতা সংস্থার উদ্যোগে এলাকার ৪০ জন অসহায় বনজীবীর মাঝে এসব নৌকা, জাল ও লাইফ জ্যাকেট হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে খুলনা-৬ আসনের সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ বলেন, সুন্দরবনের ওপর নির্ভরশীল অসহায় বনজীবীদের জীবিকা ও নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। বিদেশি দাতা সংস্থার এ ধরনের উদ্যোগ কয়রার দুস্থ বনজীবীদের স্বাবলম্বী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি এলাকার সার্বিক উন্নয়নে মানবকল্যাণমূলক কর্মকাণ্ড অব্যাহত রাখার আহ্বান জানান।সহায়তা পেয়ে উপকারভোগী আরিফুল ইসলাম (৫৯) অনুভূতি প্রকাশ করে বলেন, সুন্দরবনে জীবন বাজি রেখে মাছ ও কাঁকড়া ধরে আমাদের সংসার চলে। এতদিন নিজের নৌকা ও জাল না থাকায় অন্যের নৌকায় কাজ করে খুব কষ্টে দিন কাটাতে হতো। আজ নতুন নৌকা, জাল আর লাইফ জ্যাকেট পেয়ে আমাদের বড় উপকার হলো। এখন থেকে নিরাপদে উপার্জনের মাধ্যমে পরিবার চালাতে পারব।দাতা সংস্থার আঞ্চলিক প্রতিনিধি ও ইউপি সদস্য আবু হাসান বলেন, জলবায়ু ঝুঁকি ও নানা প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে লড়াই করে বেঁচে থাকা কয়রার উপকূলীয় বনজীবীদের স্বাবলম্বী করাই আমাদের মূল লক্ষ্য। তাদের নিরাপদ উপার্জনের সুবিধার্থেই এ সহায়তা দেওয়া হয়েছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কয়রা উপজেলা জামায়াতের আমীর মাওলানা মিজানুর রহমান, কয়রা উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা শেখ সাইফুল্লাহ, সহকারী সেক্রেটারি ও মাওলানা সুজাউদ্দিন, উত্তর বেদকাশী ইউনিয়ন জামায়াতের আমীর মাস্টার নূর কামাল হোসেন ও কয়রা উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনে সভাপতি শাহাবুদ্দিন মোল্লা।


