
এম.এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
বগুড়ার আদমদীঘি উপজেলায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেট ও গাঁজাসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।রোববার (১৮ অক্টোবর) আদমদীঘি উপজেলার বিভিন্ন এলাকায় পরিচালিত এ অভিযানে গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে পাঁচটি ইয়াবা ট্যাবলেট ও ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, সান্তাহার হাউজিং কলোনির মৃত হেলাল উদ্দিনের ছেলে মো. নিরব (২৬) এবং আদমদীঘির ইয়ার্ড কলোনির মৃত ইউনুস মিয়ার ছেলে মো. রমজান মিয়া (৫২)।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বগুড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ‘খ’ সার্কেলের একটি আভিযানিক দল এবং আদমদীঘি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা বেগমের নেতৃত্বে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাদকদ্রব্যসহ ওই দুই ব্যক্তিকে আটক করা হয়।
পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা বেগমের পরিচালনায় ভ্রাম্যমাণ আদালত তাঁদের বিরুদ্ধে সাজা ঘোষণা করেন। আদালত একজনকে চার মাস এবং অপরজনকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। পাশাপাশি উভয়কে ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ কারবার প্রতিরোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে আশা করছেন স্থানীয় সচেতন মহল।


