প্রথমবারের মতো আয়োজিত ফিফা আসিয়ান কাপে খেলার সুযোগ পেয়ে নিজে এবং বাংলাদেশ দল রোমাঞ্চিত আর গর্বিত বলে জানিয়েছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের তারকা মিডফিল্ডার হামজা চৌধুরী।প্রথমবারের মতো ইন্দোনেশিয়ার অনুষ্ঠিত হতে যাওয়া ফিফা আসিয়ান কাপে খেলার সুযোগ পেয়েছে বাংলাদেশ। টুর্নামেন্টের পূর্বসূচিতে বাংলাদেশের নাম না থাকলেও ব্রাজিলের বিপক্ষে ঘরের মাঠে প্রীতি ম্যাচ খেলার সুযোগ পেয়ে টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করে ভারত। আর ফিফার অর্থায়নে সরাসরি খেলার প্রস্তাব পায় বাংলাদেশ। তবে ১৪ দল নিয়ে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে লাল-সবুজ প্রতিনিধিরা পড়েছে কঠিণ গ্রুপে। টুর্নামেন্টের ফেভারিট মালেশিয়া আর সিঙ্গাপুরের সাথে একই গ্রুপে আছে স্বাগতিক ইন্দোনেশিয়া।তবে প্রতিপক্ষ যত শক্তিশালীই হোক না কেন দলের ভেতরে নিজেদের লক্ষ্যমাত্র ঠিক করে রাখার কথা বলেন হামজা। অনুশীলনে শেফিল্ড ইউনাইটেডের তারকা মিডফিল্ডার বলেন, ‘এই টুর্নামেন্টে খেলার সুযোগ পেয়ে আমরা দারুণ রোমাঞ্চিত ও গর্বিত। র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা দলগুলোর বিপক্ষে খেলার এটি বড় একটা সুযোগ। আমাদের প্রধান লক্ষ্য থাকবে যতটা সম্ভব বেশি পয়েন্ট আদায় করে নেওয়া। কাউকে ভয় পেয়ে আমরা এখানে আসিনি, নিজেদের সামর্থ্যের ওপর আমাদের পূর্ণ বিশ্বাস আছে। ইনশাআল্লাহ, এই অভিজ্ঞতা থেকে অনেক কিছু শিখে দেশের মুখ উজ্জ্বল করতে চাই।’বাংলাদেশের প্রথম পরীক্ষা মালেশিয়ার বিপক্ষে। অভিজ্ঞতা ও তারুণ্যের মিশ্রণে দারুণ এক স্কোয়াড দলটির। হামজার কণ্ঠেও শোনা গেল মালেশিয়ার প্রশংসা, ‘তারা বেশ ভালো র্যাঙ্কিংয়ে আছে। দলে দারুণ গুণমানের খেলোয়াড় এবং একজন অভিজ্ঞ প্রধান কোচ রয়েছেন। বিশেষ করে পরবর্তী বিশ্বকাপ বাছাইপর্বে তারা যদি মূল পর্বে যেতে লড়াই করে, তবে অবাক হওয়ার কিছু থাকবে না। দেশের ফুটবলের ওপর সবাই বেশ গুরুত্ব দিচ্ছে।’