বগুড়ায় মাদরাসা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে মহানগরীর সবুজবাগ এলাকার জামিয়া ইসলামিয়া আল আকাবা মাদরাসার শিক্ষার্থীদের মধ্যে এসব সামগ্রী বিতরণ করা হয়।সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সাজেদা সামাদের পক্ষ থেকে আয়োজিত এ অনুষ্ঠানে মাদরাসার অধ্যক্ষ ও মহানগর জামায়াতের আমীর মাওলানা আবিদুর রহমান সোহেল সভাপতিত্ব করেন।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর মহানগর সেক্রেটারি মরিয়ম বেগম মুন্নী, মহিলা নেত্রী হাফিজা খাতুন, মাদরাসার উপাধ্যক্ষ নাজমুস সাকলাইন নাকিব, ব্যবস্থাপনা পরিচালক নাজমুল কাওনাইন নাঈম এবং মাওলানা রুহুল আমিনসহ শিক্ষক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।প্রধান অতিথির বক্তব্যে সাজেদা সামাদ এমপি বলেন, শিক্ষার্থীদের জ্ঞানার্জনের পাশাপাশি নৈতিক ও আদর্শিক শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে। একটি সুন্দর ও সমৃদ্ধ দেশ গঠনে তরুণ প্রজন্মের ভূমিকা গুরুত্বপূর্ণ। এ জন্য পড়াশোনার পাশাপাশি খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ নিশ্চিত করা প্রয়োজন।তিনি বলেন, নিয়মিত ক্রীড়া চর্চা তরুণদের শৃঙ্খলাবোধ ও ইতিবাচক মানসিকতা গড়ে তুলতে সহায়তা করে। একই সঙ্গে মাদকাসক্তি ও বিভিন্ন ধরনের নেতিবাচক কর্মকাণ্ড থেকে যুবসমাজকে দূরে রাখতে খেলাধুলার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।সাজেদা সামাদ আরও বলেন, শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া ক্রীড়া সামগ্রী তাদের খেলাধুলায় আরও উৎসাহিত করবে। পড়াশোনার পাশাপাশি তারা ক্রীড়াক্ষেত্রেও নিজেদের প্রতিভার বিকাশ ঘটাবে। এখানকার শিক্ষার্থীদের মধ্য থেকেই ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে দেশের প্রতিনিধিত্বকারী খেলোয়াড় তৈরি হতে পারে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠান শেষে মাদরাসার শিক্ষার্থীদের হাতে বিভিন্ন ধরনের ক্রীড়া সামগ্রী তুলে দেওয়া হয়। এতে শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।