
আল-মামুন খান, স্টাফ রিপোর্টারঃ
কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা সদর বাজারের ওষুধ ব্যবসায়ী মালিক সমিতির সাবেক সভাপতি ও ‘জাহানারা মেডিকেল হল’-এর স্বত্বাধিকারী আশরাফুল হক আলমগীর আর নেই। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে ঢাকার ধানমন্ডি ১৫/এ, শংকর বাসস্ট্যান্ড সংলগ্ন ইবনে সিনা স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।পারিবারিক সূত্রে জানা গেছে, আশরাফুল হক আলমগীর তাড়াইল উপজেলার জাওয়ার ইউনিয়নের বেলংকা গ্রামের মরহুম মাওলানা আবদুল হামিদের তৃতীয় সন্তান। তিনি দীর্ঘদিন ধরে তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গেটের বিপরীতে অবস্থিত ‘জাহানারা মেডিকেল হল’-এর স্বত্বাধিকারী হিসেবে ওষুধ ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। একই সঙ্গে তিনি তাড়াইল বাজার ওষুধ ব্যবসায়ী মালিক সমিতির সভাপতির দায়িত্বও পালন করেন।শুক্রবার (১১ সেপ্টেম্বর) জুমার নামাজের পর বেলংকা পঞ্চগ্রাম ঈদগাহ মাঠে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন।
এদিকে আশরাফুল হক আলমগীরের রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের সঙ্গেও সম্পৃক্ততা ছিল। তিনি ইসলামী ছাত্রশিবিরের তাড়াইল উপজেলা শাখার সাবেক সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী, তাড়াইল উপজেলা শাখার কর্মপরিষদ সদস্য ও সহকারী সেক্রেটারির দায়িত্বে ছিলেন।তাঁর মৃত্যুতে তাড়াইলের ওষুধ ব্যবসায়ী, রাজনৈতিক ও সামাজিক অঙ্গনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। স্বজন, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা তাঁর রুহের মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।


