
রতন রায়: কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:
কুড়িগ্রামের উলিপুর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের পাঁচপীর বাজারে সার বিতরণ নিয়ে বিভিন্ন এলাকায় কৃষকদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ দেখা গেলেও মেসার্স আকবর আলী ট্রেডার্সে ভিন্ন চিত্র দেখা গেছে। সরেজমিনে গিয়ে দেখা যায়, সেখানে সার বিতরণ কার্যক্রম সুশৃঙ্খলভাবে চলমান রয়েছে এবং বর্তমানে সারের সরবরাহ পরিস্থিতিও স্বাভাবিক রয়েছে।পাঁচপীর বাজারের মেসার্স আকবর আলী ট্রেডার্সের মো:রমজান আলী বলেন, ‘আমার এখানে কোনো ধরনের সারের সংকট নেই। ইনশাআল্লাহ, কম-বেশি সব ধরনের সারই পর্যাপ্ত পরিমাণে রয়েছে। তবে সাধারণ মানুষ যদি আমাকে সঠিকভাবে সার বিতরণের সুযোগ দেন, তাহলে ইনশাআল্লাহ সবাইকে সার দিতে পারব।’তিনি আরও বলেন, ‘আমরা কৃষকদের কাছ থেকে ভোটার আইডি কার্ড সংগ্রহ করি। প্রথমে যারা ৫ থেকে ১৫ কেজি সার নিতে চান, তাদের সার বিতরণ করা হয়। তাদের দেওয়া শেষ হলে পর্যায়ক্রমে যারা এক বস্তা সার নেবেন, তাদের দেওয়া শুরু করি। এতে একসঙ্গে বেশি ভিড় হয় না এবং সুষ্ঠুভাবে সার বিতরণ করা সম্ভব হয়।
’সরেজমিনে দেখা যায়, উপসহকারী কৃষি কর্মকর্তা জুয়েল আহমেদ ও মো:মাহফুজার রহমান উপস্থিত থেকে কৃষকদের মধ্যে সার বিতরণ কার্যক্রম তদারকি করছেন।এ সময় কৃষকদের সার নেওয়ার ক্ষেত্রে শৃঙ্খলা বজায় রাখতে দেখা যায়।সারের মজুত ও আমদানি অব্যাহত সরকারের সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, দেশে বর্তমানে পর্যাপ্ত পরিমাণে সারের মজুত রয়েছে এবং নতুন করে সার আমদানিও অব্যাহত রয়েছে। ঘাটতি মোকাবিলায় কাতার ও সৌদি আরবের পাশাপাশি কানাডা ও মরক্কো থেকেও সার আমদানি করা হচ্ছে বলে জানা গেছে।এদিকে ডিলারদের অনিয়ম রোধ এবং কৃষকদের কাছে সুষ্ঠুভাবে সার পৌঁছে দিতে সার বিতরণ ব্যবস্থায় পরিবর্তন আনা হয়েছে। খুচরা বিক্রেতা বা সাব-ডিলার ব্যবস্থা পুনরায় চালু করা হয়েছে। পাশাপাশি খুচরা বিক্রেতাদের জন্য আইডি কার্ড বাধ্যতামূলক করা হয়েছে।সংশ্লিষ্টরা বলছেন, সারের সুষ্ঠু বণ্টন নিশ্চিত করা গেলে কৃষকদের মধ্যে সৃষ্ট উদ্বেগ ও ভোগান্তি অনেকটাই কমে আসবে।


