বগুড়ার দুপচাঁচিয়ায় মাদকবিরোধী অভিযানে ৫০ বোতল অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ফেয়ারডিলসহ মোছাঃ মালেকা বেগম (৫২) নামে এক নারীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১২-এর সিপিএসসি বগুড়া।গত শনিবার (২২ আগস্ট) বিকেল ৫টা ৫০ মিনিটের দিকে দুপচাঁচিয়া উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের চন্দ্রদিঘী গ্রামের চন্দ্রদিঘী আলিম মাদ্রাসার সামনে নওগাঁ-বগুড়া চারমাথাগামী সড়কে মাদকবিরোধী চেকপোস্ট পরিচালনা করে তাকে আটক করা হয়।
র্যাব-১২ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে, সান্তাহার থেকে বগুড়া চারমাথাগামী একটি সিএনজিতে করে এক ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য বহন করে নিয়ে যাচ্ছে। ওই সংবাদের ভিত্তিতে সিপিএসসি বগুড়া, র্যাব-১২-এর একটি আভিযানিক দল চন্দ্রদিঘী এলাকায় চেকপোস্ট স্থাপন করে। এ সময় সিএনজির যাত্রী মালেকা বেগমকে সন্দেহ হলে তাকে তল্লাশি করা হয়। পরে তার হেফাজত থেকে ৫০ বোতল ফেয়ারডিল উদ্ধার করা হয় বলে দাবি করেছে র্যাব।আটক মালেকা বেগম জয়পুরহাট জেলার পাঁচবিবি থানার কোকতারা গ্রামের মোঃ আহের আলীর মেয়ে। তিনি মোঃ তছলিম উদ্দিনের স্ত্রী।র্যাব-১২ জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, উদ্ধারকৃত মাদকদ্রব্য অবৈধভাবে ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে বহন করা হচ্ছিল। তবে এ বিষয়ে তদন্তের পর বিস্তারিত তথ্য জানা যাবে।আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে বগুড়া জেলার দুপচাঁচিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-১২-এর পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকদ্রব্যের অবৈধ বিস্তার রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মাদক ব্যবসা ও পরিবহনের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে ভবিষ্যতে অভিযান আরও জোরদার করা হবে বলেও জানিয়েছে সংস্থাটি।