PriyoKhobor-PNG
শুক্রবার, ১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সন্ধ্যা ৬:৩৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

বগুড়ায় ডিবি পরিচয়ে সিএনজি চালক অপহরণ, গ্রেপ্তার ৩

দৈনিক গণআওয়াজ
আগস্ট ১৪, ২০২৬ ৪:৪৫ অপরাহ্ণ
| 19
Link Copied!

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ

বগুড়ায় গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে এক সিএনজি চালককে অপহরণ, মারধর এবং এক লাখ টাকা মুক্তিপণ দাবির অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা ডিবি পুলিশ। এ সময় অপহৃত সিএনজি চালক মো. রফিকুল ইসলামকে (৪৩) উদ্ধার করা হয়েছে। অভিযানে দুটি হাজার টাকার নগদ অর্থ ও চারটি মোবাইল ফোন জব্দ করা হয়।

পুলিশ ও ভুক্তভোগীর পরিবারের সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাত পৌনে ১১টার দিকে রফিকুল ইসলামের স্ত্রী মোছা. হাজেরা বেগম স্বামীকে উদ্ধারের জন্য বগুড়া ডিবি কার্যালয়ে গিয়ে বিষয়টি জানান। তিনি পুলিশকে বলেন, কয়েকজন ব্যক্তি তার স্বামীকে ভয়ভীতি দেখিয়ে জোর করে একটি বাড়িতে নিয়ে যায়। সেখানে তাকে মারধর করা হয় এবং দেশীয় অস্ত্রের ভয় দেখানো হয়। একপর্যায়ে তাকে বিবস্ত্র করারও চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। এ সময় রফিকুলের কাছে থাকা ১৫ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়।

পরে অপহরণকারীরা হাজেরা বেগমের মোবাইল ফোনে যোগাযোগ করে নিজেদের ডিবি পুলিশের সদস্য হিসেবে পরিচয় দেয়। মাত্র ২০ মিনিটের মধ্যে এক লাখ টাকা মুক্তিপণ দেওয়ার জন্য তাকে চাপ দেওয়া হয়। টাকা না দিলে রফিকুলকে আদালতে পাঠিয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয়।

হাজেরা বেগম মুক্তিপণের টাকা দিতে অস্বীকৃতি জানালে অপহরণকারীরা তার স্বামীকে ফের মারধর করে। এমনকি মোবাইল ফোনে রফিকুলের কান্না ও চিৎকারের শব্দ শুনিয়ে স্ত্রীকে ভয় দেখানো হয় বলে অভিযোগ করা হয়েছে।

ঘটনার খবর পাওয়ার পর মামলা হওয়ার আগেই বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে অভিযানে নামে বগুড়া জেলা ডিবি পুলিশ। ডিবির অফিসার ইনচার্জ মো. ইকবাল বাহারের তত্ত্বাবধানে এসআই মো. রহমত উল্লাহ মানিকের নেতৃত্বে একটি দল গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (১৪ আগস্ট) রাতের প্রথম প্রহরে পুরান বগুড়ার শেরেবাংলা নগর এলাকায় অভিযান চালায়।

অভিযান চালিয়ে পলাতক আসামি মো. মেহেদী হাসান শিহাবের দোতলা বাড়িতে তল্লাশি করা হয়। এ সময় সেখানে থাকা তিনজনকে গ্রেপ্তার এবং আটক অবস্থায় রফিকুল ইসলামকে উদ্ধার করে পুলিশ। পুলিশের দাবি, অভিযানের সময় বাড়িটিতে পাঁচ থেকে ছয়জনের উপস্থিতি ছিল। তবে অন্যরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—বগুড়া সদর উপজেলার সাবগ্রাম দক্ষিণপাড়ার মো. সজীব আহমেদ (৩২), শিবগঞ্জ উপজেলার কামতারা পশ্চিমপাড়ার মো. লজিম প্রাং (৪০) এবং বগুড়া সদর উপজেলার মালগ্রাম উত্তরপাড়ার মো. সোহান শেখ (১৮)।

উদ্ধারের পর রফিকুল ইসলামকে বগুড়া শহরের মোহাম্মদ আলী হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ডিবি পুলিশ জানায়, অভিযানে গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে চারটি মোবাইল ফোন এবং মুক্তিপণের জন্য রাখা দুই হাজার টাকা উদ্ধার করা হয়েছে। ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার লজিম প্রাংয়ের বিরুদ্ধে চুরিসহ দুটি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।

এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। পাশাপাশি ডিবি পুলিশ পরিচয়ে অপহরণ, মারধর ও মুক্তিপণ দাবির ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আরও পড়ুনঃ  ভূরুঙ্গামারীতে ১৪ কেজি ভারতীয় গাঁজাসহ আটক- ২
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST