
ইলিশ হয় সোনার হরিণ
কলমে : মোঃ নাজির হোসেন
পদ্মার বুকে রূপালি ঢেউ, ইলিশ তারই রাণী,
আজ সে যেন সাধারণের নাগালেরও বাহিরে আমরা সবে জানি।।
জেলের জালে ধরা পড়ে দু-একটি যে মাছ,
বাজার ঘুরে হারিয়ে যায় গরিব মানুষের আশ।
ঘাটে ঘাটে জমে ওঠে ইলিশ কেনাবেচা,
দামের অঙ্ক শুনে মানুষ হয় গো দিশেহারা।।
রূপালি দেহ, সোনার দাম— কী অদ্ভুত বিচার!
পাতে ওঠার আগেই যেন শেষ হয়ে যায় অধিকার।।
মায়ের চোখে অপূর্ণ স্বপ্ন, শিশুর নীরব প্রশ্ন,
“ইলিশ কি শুধু গল্পেই থাকে?”— বুক ভরা বিষণ্নতা।
শ্রমিক, কৃষক, দিনমজুর -চেয়ে থাকে দূর,
স্বাদের আগে দামের বোঝা করে জীবন ভরপুর।।
বিদেশমুখী রপ্তানিতে বাড়ছে তার মান,
দেশের মানুষ খুঁজে ফেরে নিজের নদীর দান।।
অর্থনীতির হিসাব যত কাগজজুড়ে রয়,
ক্ষুধার কাছে সে সব হিসাব অর্থহীনই হয়।।
জেলে ভাসে উত্তাল নদী, ঝড়-তুফানের রাতে,
তবু কেন তারই সন্তানের ইলিশ জোটে না পাতে?
ঘামের দামে ওঠা মাছের ন্যায্য যদি মূল্য হয়,
সেই সুফলটা সবার ঘরে পৌঁছায় না কেন কই?
ইলিশ শুধু খাদ্য নয়, বাংলার পরিচয়,
নদী, মানুষ, ঐতিহ্যের গর্বমাখা সঞ্চয়।।
তাই তো চাই না বৈষম্যের দীর্ঘ কালো দেয়াল,
সবার ঘরে পৌঁছাক আবার রূপালি উৎসবের জোয়ার।।
যেদিন গরিবের হাঁড়িতেও ফুটবে ইলিশের ঝোল,
সেদিন বুঝব নদীর দান ফিরেছে আপন কোল।।
সোনার ইলিশ সবার হোক— এ হোক আজকের গান,
বাংলার সুখ ভাগাভাগি করুক প্রতিটি প্রাণ।।


