
এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
বগুড়ার শিবগঞ্জ উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ফারুক মন্ডলকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৯ জুলাই ২০২৬) দুপুরে উপজেলার মোকামতলা বাজার এলাকায় তাঁর নিজস্ব ব্যবসাপ্রতিষ্ঠান ‘মেসার্স ফারুক ট্রেডার্স’-এ অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুজ্জামান শাহিন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ফারুক মন্ডলের বিরুদ্ধে একাধিক রাজনৈতিক মামলা রয়েছে। এসব মামলার তদন্ত ও আইনগত কার্যক্রমের অংশ হিসেবে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাঁকে ব্যবসাপ্রতিষ্ঠান থেকে আটক করা হয়। পরে তাঁকে শিবগঞ্জ থানায় নিয়ে যাওয়া হয়।
ওসি শাহীনুজ্জামান জানান, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে প্রচলিত আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। প্রয়োজনীয় কার্যক্রম শেষে তাঁকে আদালতে পাঠানো হবে।
এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মামলাগুলোর পরবর্তী কার্যক্রম আইন অনুযায়ী পরিচালিত হবে।


