
গাইবান্ধা জেলা প্রতিনিধি:
গাইবান্ধায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-এর পৃথক দুটি অভিযানে ফেনসিডিল সমজাতীয় মাদকদ্রব্য ৩৬১ বোতল এসকাফ ও দুটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। এ সময় তিনজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব।
শনিবার (২৫ জুলাই) সকাল ৯টার দিকে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন র্যাব-১৩-এর মিডিয়া বিভাগের সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৩-এর সিপিসি-৩, গাইবান্ধা ক্যাম্পের সদস্যরা গাইবান্ধা সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের দুর্গাপুর গ্রামে অভিযান চালান। এ সময় চেকপোস্ট বসিয়ে একটি ১০০ সিসি হিরো হোন্ডা মোটরসাইকেলে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে মোটরসাইকেল থেকে ২১৩ বোতল ফেনসিডিল সমজাতীয় এসকাফ জব্দ করা হয়। একই সঙ্গে গ্রেপ্তার করা হয় দুই মাদক কারবারিকে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—গাইবান্ধা সদর উপজেলার তুলসীঘাট এলাকার ছোট দুর্গাপুর গ্রামের মৃত বিন্দাবন চন্দ্র মোহন্তের ছেলে শিপলু চন্দ্র মোহন্ত (৩৩) এবং একই এলাকার ফকিরপাড়া গ্রামের মো. জহুরুল ইসলামের ছেলে মো. আমিনুল ইসলাম (৩৮)।
এরপর একই দিন রাত পৌনে ৮টার দিকে র্যাব সদস্যরা গোবিন্দগঞ্জ উপজেলার বোনারপাড়া-নাকাইহাট সড়কের সাকসেস মডেল স্কুলের সামনে পাকা সড়কে অভিযান চালান। সেখানে চেকপোস্ট বসিয়ে একটি ১৬০ সিসি অ্যাপাচি আরটিআর মোটরসাইকেলে তল্লাশি চালিয়ে আরও ১৪৮ বোতল ফেনসিডিল সমজাতীয় এসকাফ জব্দ করা হয়। এ ঘটনায় মাহাবুব আলম ওরফে ভুট্টো (৫০) নামে একজনকে গ্রেপ্তার করা হয়। তিনি গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার রওশনবাগ মুরারিপুর গ্রামের মৃত হাসান আলী সরকারের ছেলে।
র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকা থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে রংপুর বিভাগসহ দেশের বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিলেন।
র্যাব জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জব্দ করা মাদক ও অন্যান্য আলামতসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।


