
শাহিনুর আক্তার,নরসিংদী প্রতিনিধি:
নরসিংদীর বেলাবো উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে গাঁজা, ইয়াবা ও দেশীয় তৈরি চোলাই মদসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে বেলাবো থানা পুলিশ। পৃথক দুটি অভিযানে উল্লেখযোগ্য পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২২ জুলাই ২০২৬ রাতে বেলাবো থানার এসআই (নিরস্ত্র) মোহাম্মদ ফজলুল হকের নেতৃত্বে নিলক্ষীয়া বাজারের মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় অভিযান চালিয়ে পরোয়ানাভুক্ত আসামি মোঃ রোস্তম আলী (৪৭)-কে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে আনুমানিক ১০০ গ্রাম গাঁজা, যার মূল্য প্রায় ৩ হাজার টাকা এবং ১০ পিস ইয়াবা ট্যাবলেট, যার আনুমানিক মূল্যও ৩ হাজার টাকা, উদ্ধার করা হয়।
একই রাতে বেলাবো থানার এসআই (নিরস্ত্র) শিহাব আহম্মেদের নেতৃত্বে বারৈচা জেনারেল হাসপাতালের সামনের ফুটপাতে অভিযান চালিয়ে মোঃ নুরুল্লাহ মিয়া (২২)-কে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে আনুমানিক ২ হাজার ৫০০ টাকা মূল্যের ৫ লিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত দুই আসামির বিরুদ্ধে বেলাবো থানায় পৃথক মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
বেলাবো থানার অফিসার ইনচার্জ এসএম আমানুল্লাহ জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে বেলাবো থানার পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযান ভবিষ্যতেও ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।


