
মোঃ মামুনুর রশীদ,
মনিরামপুর (যশোর) প্রতিনিধি: যশোরের মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সার্বিক স্বাস্থ্যসেবার মান উন্নয়ন, বিদ্যমান সমস্যা চিহ্নিতকরণ এবং দ্রুত সমাধানের লক্ষ্যে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে মতবিনিময় ও আলোচনা করেছেন যশোর-৫ (মনিরামপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট গাজী এনামুল হক।
রোববার (৫ জুলাই) সকাল ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় তিনি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ও হাসপাতালের সংশ্লিষ্ট চিকিৎসক-কর্মকর্তাদের সঙ্গে স্বাস্থ্যসেবার বিভিন্ন সমস্যা, চিকিৎসার মানোন্নয়ন, জনবল সংকট, অবকাঠামোগত উন্নয়ন এবং রোগীদের ভোগান্তি কমানোর বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
সভা শেষে সংসদ সদস্য হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করেন। এ সময় তিনি ভর্তি রোগী ও তাদের স্বজনদের সঙ্গে কথা বলে চিকিৎসাসেবা-সংক্রান্ত নানা সমস্যা ও অভিযোগ মনোযোগ দিয়ে শোনেন। অভিযোগগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনায় নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন। পাশাপাশি হাসপাতালের বিদ্যমান সমস্যাগুলো পর্যায়ক্রমে সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাসও প্রদান করেন।
সংসদ সদস্য বলেন, “সাধারণ মানুষের দোরগোড়ায় উন্নত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়াই আমাদের অঙ্গীকার। হাসপাতালের যেসব সমস্যা রয়েছে, সেগুলো দ্রুত চিহ্নিত করে সমাধানের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। রোগীরা যেন নির্বিঘ্নে মানসম্মত চিকিৎসাসেবা পান, সে বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হবে।”
এ সময় উপস্থিত ছিলেন মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ডা. ফায়াজ আহমেদ ফয়সাল, মনিরামপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক ফজলুল হক, উপজেলা সেক্রেটারি অধ্যাপক খলিলুর রহমান, হাসপাতালের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।


