
এস আর নিরব, যশোরঃ
যশোরে পুলিশ কর্মকর্তা পরিচয় দিয়ে এক প্রবাসীর স্ত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ৩০ লাখ টাকা ও ৫ ভরি স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগে বিল্লাল হোসেন (৩৭) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ
শুক্রবার গভীর রাতে যশোর কোতোয়ালি থানার পুলিশের একটি দল কেশবপুর উপজেলার বরণডালি গ্রামের বকুলতলার মোড় এলাকা থেকে তাকে আটক করে। বিল্লাল হোসেন বাঘারপাড়া উপজেলার জয়নগর গ্রামের খোদাবক্স সরদারের ছেলে।মামলার তদন্ত কর্মকর্তা এসআই মো. আব্দুল্লাহ আল মামুন জানান, ভুক্তভোগী নারীর বাড়ি মণিরামপুর উপজেলার ভরতপুর গ্রামে। বর্তমানে তিনি যশোর শহরের শংকরপুর এলাকায় বসবাস করেন। তার স্বামী মালয়েশিয়া প্রবাসী।
পুলিশ জানায়, আট থেকে নয় মাস আগে হোয়াটসঅ্যাপ ও ইমোর মাধ্যমে বিল্লাল হোসেনের সঙ্গে ওই নারীর পরিচয় হয়। পরবর্তীতে নিয়মিত যোগাযোগের একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এ সময় বিল্লাল ওই নারীকে বিয়ের প্রস্তাব দেন। শুরুতে তিনি রাজি না হলেও পরে বিল্লাল নিজেকে পুলিশ কর্মকর্তা পরিচয় দিয়ে তার আস্থা অর্জন করেন।
অভিযোগে বলা হয়েছে, বিশ্বাসযোগ্যতা তৈরির জন্য বিল্লাল ওই নারীকে ঢাকায় নিয়ে বিভিন্ন সরকারি অফিসে ঘুরিয়ে দেখান। পরে বিয়ের প্রলোভন দেখিয়ে ২০২৫ সালের ২৮ সেপ্টেম্বর থেকে ২০২৬ সালের ৩১ মার্চ পর্যন্ত বিভিন্ন সময়ে ওই নারীর কাছ থেকে মোট ৩০ লাখ টাকা এবং ৫ ভরি স্বর্ণালঙ্কার নেন। টাকা ও স্বর্ণালঙ্কার নেওয়ার পর তিনি ওই নারীর সঙ্গে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দেন।


