বগুড়া সদরের বাঘোপাড়া শহীদ দানেশ উদ্দিন স্কুল অ্যান্ড কলেজের নবগঠিত এডহক কমিটির সভাপতির সঙ্গে শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা ও কর্মচারীদের এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়ন, শিক্ষার মান বৃদ্ধি এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
রবিবার (৭ জুন ২০২৬) সকাল ১১টায় কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নাছরিন আখতার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বগুড়া জেলা মহিলাদলের সাধারণ সম্পাদক নাজমা আক্তার।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অত্র প্রতিষ্ঠানের গভর্নিং বডির সভাপতি, জেলা বিএনপির সহ-সভাপতি ও সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল। তিনি তাঁর বক্তব্যে বলেন, “একটি শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়ন শুধু অবকাঠামোগত নয়, বরং শিক্ষার গুণগত মান বৃদ্ধি এবং শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলার মধ্যেই প্রকৃত সফলতা নিহিত। সকলের সম্মিলিত প্রচেষ্টায় এই প্রতিষ্ঠানকে একটি আধুনিক ও মানসম্মত শিক্ষাপ্রতিষ্ঠানে রূপান্তর করা সম্ভব।”
এ সময় আরও বক্তব্য রাখেন গোকুল ইউনিয়ন বিএনপির সভাপতি ফেরদৌস আলম পিলু, সাধারণ সম্পাদক আইয়ুব খান, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আসাদুল হক টুকু, অধ্যাপক নজরুল ইসলাম, সদর উপজেলা বিএনপির প্রচার সম্পাদক আল আমিন পেস্তা, বিএনপি নেতা এবিএম মিলন, এসআই শফিক, সফিকুল ইসলাম, সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার সোহেলসহ প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
মতবিনিময় সভায় প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রমের মানোন্নয়ন, শিক্ষার পরিবেশ আরও উন্নত করা, শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রমকে গতিশীল করা এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। নবগঠিত এডহক কমিটির সভাপতি শিক্ষক ও কর্মচারীদের উদ্দেশে বলেন, প্রতিষ্ঠানের অগ্রযাত্রাকে আরও বেগবান করতে সকলকে আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে।
এছাড়াও বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের শিক্ষক নজরুল ইসলাম, কাফি, আমিনুল ইসলাম, মুকুল মিয়া, আব্দুল হান্নান, শিক্ষক প্রতিনিধি সাইফুল ইসলাম, জহুরুল ইসলাম স্বপন ও রিপনসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।
বক্তারা বলেন, সম্মিলিত প্রচেষ্টা, সুশাসন এবং ইতিবাচক উদ্যোগের মাধ্যমে বাঘোপাড়া শহীদ দানেশ উদ্দিন স্কুল অ্যান্ড কলেজকে এলাকার অন্যতম শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত করা সম্ভব। সভায় উপস্থিত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরাও প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নে একযোগে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
সৌহার্দ্যপূর্ণ ও আন্তরিক পরিবেশে অনুষ্ঠিত সভার শেষ পর্বে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনা করা হয়। একই সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু এবং প্রতিষ্ঠানের উত্তরোত্তর সাফল্য কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন সহকারী অধ্যাপক মিজানুর রহমান।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি প্রতিষ্ঠানের বিভিন্ন শ্রেণিকক্ষ পরিদর্শন করেন, শিক্ষার্থীদের খোঁজখবর নেন এবং তাদের পড়াশোনার অগ্রগতি সম্পর্কে জানতে চান। এ সময় প্রতিষ্ঠানের পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।