
দেশব্যাপী হামের প্রাদুর্ভাব আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ কংগ্রেস। দলটির মহাসচিব এ্যাডঃ মোঃ ইয়ারুল ইসলাম বলেছেন, পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে না আনলে এটি ভয়াবহ জনস্বাস্থ্য সংকটে রূপ নিতে পারে।
এক বিবৃতিতে বাংলাদেশ কংগ্রেসের পক্ষ থেকে বলা হয়, দেশের বিভিন্ন অঞ্চলে শিশুদের মধ্যে হামের সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ছে, যা অত্যন্ত উদ্বেগজনক। অনেক ক্ষেত্রে সময়মতো চিকিৎসা ও টিকাদানের অভাবে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে।
এ্যাডঃ ইয়ারুল ইসলাম বলেন, হামের মতো প্রতিরোধযোগ্য রোগের এমন বিস্তার স্বাস্থ্যখাতের দুর্বল ব্যবস্থাপনার ইঙ্গিত দেয়। অবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণ না করলে প্রাণহানির ঝুঁকি বহুগুণে বৃদ্ধি পাবে।
বাংলাদেশ কংগ্রেস সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেছে, বর্তমান পরিস্থিতিকে বিবেচনায় নিয়ে দ্রুত হামকে মহামারি হিসেবে ঘোষণা করতে হবে এবং জাতীয় পর্যায়ে জরুরি কর্মপরিকল্পনা গ্রহণ করতে হবে। একইসঙ্গে সারাদেশে বিশেষ টিকাদান কর্মসূচি জোরদার, পর্যাপ্ত ওষুধ সরবরাহ এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
দলটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানিয়েছে, প্রত্যন্ত অঞ্চলে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে বিশেষ উদ্যোগ নেওয়া হোক, যাতে কোনো শিশু চিকিৎসা ও টিকার অভাবে ঝুঁকিতে না পড়ে।
বাংলাদেশ কংগ্রেস আশা করে, সরকারের দ্রুত ও সমন্বিত পদক্ষেপের মাধ্যমে এই সংকট মোকাবিলা সম্ভব হবে এবং দেশের জনগণকে একটি বড় ধরনের স্বাস্থ্যঝুঁকি থেকে রক্ষা করা যাবে।


