
এম,এ,রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি:
বগুড়ার শেরপুরে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শুরু হয়েছে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে দুই দিনব্যাপী বিজ্ঞান মেলা-২০২৬। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ চত্বরে এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
শেরপুর উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এই মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইদুজ্জামান হিমু। এ সময় তিনি বলেন, শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক করে গড়ে তোলা এবং প্রযুক্তিনির্ভর সৃজনশীল চিন্তায় উদ্বুদ্ধ করতেই এ আয়োজন।
আয়োজক সূত্রে জানা যায়, এবারের মেলায় উপজেলার ১৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে তাদের উদ্ভাবনী বিজ্ঞানভিত্তিক প্রকল্প প্রদর্শন করছে। বিভিন্ন স্টলের মাধ্যমে বিজ্ঞানের নানা দিক তুলে ধরা হয়েছে। দর্শনার্থীদের আকর্ষণ বাড়াতে মেলায় রাখা হয়েছে দুটি পিঠার স্টলও।
মেলার পাশাপাশি আয়োজন করা হয়েছে ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড এবং বিজ্ঞানবিষয়ক কুইজ প্রতিযোগিতা, যা শিক্ষার্থীদের মধ্যে বাড়তি আগ্রহ সৃষ্টি করেছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সাবেক উপদেষ্টা ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব জানে আলম খোকা। এছাড়াও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসন জানিয়েছে, শুক্রবার (১০ এপ্রিল) বেলা ১১টায় একই স্থানে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে এই বিজ্ঞান মেলার পর্দা নামবে।


