কে এম শাহীনুর রহমান, তালা (সাতক্ষীরা) প্রতিনিধি:
সাতক্ষীরার তালায় বিপুল পরিমাণ নকল সার ও কীটনাশক তৈরি এবং বাজারজাতকরণের দায়ে মশিয়ার রহমান নামে এক সাব-ডিলারকে এক মাসের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে জব্দ করা প্রায় ৫ লাখ টাকা মূল্যের ভেজাল মালামাল প্রকাশ্যে ধ্বংসের নির্দেশ দেওয়া হয়েছে।বুধবার সকালে উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের লাউতাড়া গ্রামে র্যাব ও উপজেলা প্রশাসন যৌথভাবে এই বিশেষ অভিযান পরিচালনা করে।অভিযান সূত্রে জানা গেছে, লাউতাড়া গ্রামের ইমান আলী মোড়লের ছেলে মশিয়ার রহমান বিসিআইসি সারের সাব-ডিলারশিপের আড়ালে দীর্ঘদিন ধরে অবৈধভাবে ভেজাল ও নকল কৃষি উপকরণ তৈরি করে আসছিলেন।
গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকালে তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং র্যাবের একটি অভিযানিক দল তার বাড়ি ও গুদামে হানা দেয়। এ সময় সেখান থেকে বিপুল পরিমাণ নকল সার, ভেজাল কীটনাশক ও এসব তৈরির সরঞ্জাম জব্দ করা হয়। অভিযান শেষে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে অপরাধ স্বীকার করায় ব্যবসায়ী মশিয়ার রহমানকে ৫০ হাজার টাকা জরিমানা ও ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য প্রায় ৫ লাখ টাকা, যা পরবর্তীতে প্রশাসনের উপস্থিতিতে ধ্বংস করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল আফরোজ স্বর্ণা জানান, প্রান্তিক কৃষকদের সুরক্ষায় এবং কৃষিক্ষেত্রে ভেজাল রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।