বগুড়ার শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছে। রাস্তা পার হওয়ার সময় এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে শুক্রবার সকালে এ দুর্ঘটনা ঘটে। এতে প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন। দুর্ঘটনায় ওই বৃদ্ধা নারীও আহত হয়েছেন।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে মোকামতলা-জয়পুরহাট আঞ্চলিক সড়কের শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুর এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিমন্ত্রী আব্দুল বারী সরকারি সফরে ঢাকা থেকে তাঁর নিজ সংসদীয় নির্বাচনী এলাকা জয়পুরহাট-২ আসনের উদ্দেশে যাচ্ছিলেন। গোপীনাথপুর এলাকায় পৌঁছালে সড়ক পার হওয়ার সময় ফিরোজা নামে এক বধির বৃদ্ধা নারী হঠাৎ গাড়ির সামনে চলে আসেন। তাকে রক্ষা করতে গিয়ে প্রতিমন্ত্রীর গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পড়ে।
দুর্ঘটনায় প্রতিমন্ত্রী আব্দুল বারী সামান্য আহত হন। গাড়িতে এ সময় তাঁর সহধর্মিণীও ছিলেন। দুর্ঘটনার পর স্থানীয়ভাবে প্রতিমন্ত্রীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে তিনি নিজ বাড়িতে ফিরে যান বলে জানা গেছে।
এ ঘটনায় গোপীনাথপুর গ্রামের বাসিন্দা ফিরোজা নামের ওই বৃদ্ধা নারীও আহত হয়েছেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য টিএমএসএস হাসপাতালে পাঠান।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুজ্জামান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপীনাথপুর এলাকায় প্রতিমন্ত্রীর গাড়ি দুর্ঘটনার খবর পাওয়া গেছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী ও এক বৃদ্ধা নারী আহত হয়েছেন। বিষয়টি পুলিশ খতিয়ে দেখছে।
প্রাথমিকভাবে জানা গেছে, সড়ক পার হওয়ার সময় বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে। তবে দুর্ঘটনার বিস্তারিত কারণ ও গাড়িটির ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।